নাবিলা আফরিন হালুয়াঘাট ( ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের হালুয়াঘাটে বিএনপির তিনটি পৃথক সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, আওয়ামী লীগ এখন পালাতক প্রবাসী দলে রূপ নিয়েছে। নির্বিচারে হত্যা, দুর্নীতি, লুটপাট, দমন-নিপীড়নের মাধ্যমে হাসিনা ও আওয়ামী লীগ গণশত্রুতে পরিণত হয়েছে। গণঅভ্যুত্থানের মুখে তারা দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছে এবং সেখানে অফিস স্থাপন করে বাংলাদেশের বিরুদ্ধে রাজনীতি করছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ভারতের কাছে এ বিষয়ে জবাব চাওয়ার আহ্বান জানান।
শুক্রবার বিকেল ৪টায় জয়রামকুড়া প্রাথমিক বিদ্যালয়ে ২ নং, সন্ধ্যা ৬টায় ঘোষবেড় প্রাথমিক বিদ্যালয়ে ১ নং এবং রাত ৮টায় সংড়া মাদ্রাসা মাঠে ৩ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রিন্স বলেন, জনগণ আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ দেবে না। ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনলে দলটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠা করবে। তিনি জানান, বিএনপি নির্বাচিত হলে বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ফ্যামিলি কার্ডের মাধ্যমে অভাবী পরিবারকে সহায়তা, কৃষক কার্ডের মাধ্যমে গরীব কৃষকদের একটি ফসলের উৎপাদন খরচ প্রদান, শিক্ষিত বেকারদের এক বছরের জন্য বেকার ভাতা, অন্যান্য বেকারদের কর্মসংস্থান ও শিল্পকলকারখানা স্থাপন করবে।
মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে বিপুল সংখ্যক নেতাকর্মী সম্মেলনে যোগ দেন।
জুগলি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ক্বারী আবুল কাশেমের সভাপতিত্বে ও সদস্য সচিব কৃষক সত্তারের সঞ্চালনায় সম্মেলনে উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, উপজেলা বিএনপির সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, যুগ্ম আহ্বায়ক অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, প্রভাষক শাজাহান মাহমুদ, আল আমিন চমক, আবদুল লতিফ, আবদুল জলিল, মুকতাদির আহসান, সবুজ মিয়া, আবু তালেব, হযরত আলী, শহীদুল হক, ময়মনসিংহ উত্তর জেলা জাসাস সভাপতি শফিকুল ইসলাম, উপজেলা তাঁতী দলের আহ্বায়ক আকিকুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে সকালে এমরান সালেহ প্রিন্স বিড়ইডাকুনী গীর্জা মাঠে গারো সম্প্রদায়ের গোত্রভিত্তিক “মাহারী ফুটবল টুর্নামেন্ট” উপভোগ করেন। এসময় ময়মনসিংহ বিশপ পনেনসহ গারো নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।