মোঃ আব্দুল হক লিটনঃ
আন্তর্জাতিক আদিবাসী দিবস ৯ আগস্ট উপলক্ষে ময়মনসিংহে সংবাদ সম্মেলন করেছে ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ)। সেখানে আদিবাসীদের “আদিবাসী” হিসেবে সাংবিধানিক স্বীকৃতি এবং শিক্ষা-চাকরিতে কোটা, ভূমি কমিশন ও পৃথক মন্ত্রণালয় গঠনের মতো সাতটি গুরুত্বপূর্ণ দাবি উপস্থাপন করা হয়।
বৃহস্পতিবার (৭ আগস্ট) ময়মনসিংহ নগরীর ভাটিকাশরের টিডব্লিউএ কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান ও স্বাধীনতা পুরস্কারপ্রাপ্ত অরন্য ই. চিরান বলেন,
“রাষ্ট্রের মূলধারার অংশ হয়েও আদিবাসীরা আজও সাংবিধানিক স্বীকৃতি থেকে বঞ্চিত। তাদের অধিকার রক্ষায় এখনই উদ্যোগ নিতে হবে।”
তিনি আরও বলেন, সরকার প্রণীত ২০১০ সালের 'ক্ষুদ্র নৃগোষ্ঠী আইন' ও সংবিধানের পঞ্চদশ সংশোধনী আদিবাসীদের যথাযথ স্বীকৃতি দেয়নি। আইএলও কনভেনশন অনুসারে আইন প্রণয়ন ও বাস্তবায়নের ওপর তিনি জোর দেন।
দাবিগুলোর মধ্যে রয়েছে, আদিবাসী স্বীকৃতি প্রদান, জাতীয় সংসদে সংরক্ষিত আসন, সমতল আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয়, ভূমি কমিশন গঠন, নারী সংরক্ষিত আসনে আদিবাসী নারীর অংশগ্রহণ, শিক্ষা ও চাকরিতে ৫% কোটা এবং আন্তর্জাতিক কনভেনশন অনুসারে আইন বাস্তবায়ন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন,
যোহন সাংমা (টিডব্লিউএ সেক্রেটারি জেনারেল), রাণী নকরেক (আচিক উইমেন অ্যাসোসিয়েশন), অনিক রেমা (বাংলাদেশ গারো ছাত্র সংসগঠন), সেংচি রাংসা (গারো স্টুডেন্ট ইউনিয়ন), মহেন্দ্র চন্দ্র কোচ (কোচ আদিবাসী সংগঠন), অ্যাডভোকেট দীনেশ দারু (ইনডিজিনাস ল’ইয়ার্স এসোসিয়েশন), এবং সেকেন্দ্র স্নাল (টিডব্লিউএ সদর উপজেলা শাখা)।
এদিকে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে শনিবার সকাল ৯টায় ভাটিকাশরের ক্যাথিড্রাল চার্চ প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হবে। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হবে।
জাতিসংঘের তথ্যমতে, বিশ্বজুড়ে ৩০ কোটি আদিবাসী ৭০টিরও বেশি দেশে বসবাস করে। বাংলাদেশেও প্রায় ৫০ লাখ আদিবাসী রয়েছে, যারা দেশের প্রায় সব অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।