স্টাফ রিপোর্টারঃ
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁওয়ে উপজেলা, পৌর ও পাগলা থানা বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার পাগলা থানার আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
প্রবীণ বিএনপি নেতা ডা. সিরাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আক্তারুজ্জামান বাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে আক্তারুজ্জামান বাচ্চু বলেন, আজকের এই ঐতিহাসিক দিনে মনে পড়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে, যিনি ষড়যন্ত্রের বেড়াজাল ছিন্ন করে সিপাহী-জনতার বিপ্লবের মধ্য দিয়ে রাষ্ট্রনায়ক হিসেবে আবির্ভূত হয়েছিলেন। তাঁর হাতে গড়া বিএনপি আজও দেশের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক।
তিনি আরও বলেন, “আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ। দল যাকে মনোনয়ন দেবে, আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের প্রার্থীকেই বিজয়ী করব। আমি মনোনয়ন পেলে ক্ষুধা, দারিদ্র্য ও বেকারমুক্ত এক মডেল উপজেলা হিসেবে গফরগাঁওকে গড়ে তুলব।
সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জাতীয়তাবাদী শক্তির বিকল্প নেই। সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়ে অপশক্তির মোকাবিলা করব।
আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপি নেতা মোসাদ্দেক হোসেন মানিক, শেখ মো. ইসমত, মো. নুরুজ্জামান, রেজাউল হক সিদ্দিকী খোকন, এডভোকেট জহিরুল ইসলাম নিঝুম, আবু সাঈদ, আব্দুল হাই মেম্বার, আবুল কালাম মেম্বার, আব্দুর রশিদ মেম্বার, লোকমান হোসেন, উজ্জ্বল আহমেদ পাপ্পু, মনিরুজ্জামান অরুণ এবং পাগলা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান প্রমুখ।
সভা শেষে বিপুল সংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণে এক বর্ণাঢ্য র্যালি আস্কর আলী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে কান্দিপাড়া বাজার প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।