হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে গুরুতর আহত করার ঘটনায় গ্রেফতারকৃতদের দ্রুত ফাঁসির রায় কার্যকর করার দাবিতে হালুয়াঘাটে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার বিকেলে হালুয়াঘাট উপজেলা পরিষদের মূল ফটকের সামনে আয়োজিত এই মানববন্ধনে উপজেলা ও এলাকার বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিকদের উপর হামলা মানে গণতন্ত্রের উপর হামলা। দোষীদের দ্রুত বিচার করে ফাঁসির রায় কার্যকর করতে হবে। আহত সাংবাদিক আনোয়ার হোসেনের দ্রুত ও উন্নত চিকিৎসার ব্যবস্থা নিতে হবে।
তারা আরও বলেন, সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত সুরক্ষা আইন প্রণয়ন করা অত্যাবশ্যক।
এসময় বক্তব্য রাখেন মোঃ বাবুল হোসেন, মোঃ হাতেম আলী, খালেদ আহমদ শামসুল আলম পনির, মোঃ আব্দুর রাজ্জাক, উমর ফারুক সুমন সহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।