মোঃ আব্দুল হক লিটনঃ
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের প্রধান আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। এতে হত্যার নৃশংস বিবরণ উঠে আসে। এই স্বীকারোক্তির পর তুহিনের সহকর্মী সাংবাদিক সমাজ তীব্র ক্ষোভ ও বিক্ষোভ প্রকাশ করেছে।
শনিবার দুপুরে ময়মনসিংহ শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সকল স্তরের সাংবাদিকরা অংশ নিয়ে তারা বলেন, একজন সাংবাদিককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করার মতো ঘটনা দেশে গণমাধ্যমের জন্য এক কালো অধ্যায়। আসামিদের দোষ প্রমাণিত হওয়ায় এখন আর বিচার বিলম্বের কোনো সুযোগ নেই।
বক্তারা আরও বলেন, সাংবাদিক তুহিনের রক্তের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তিন মাসের মধ্যে আসামিদের ফাঁসি কার্যকর না হলে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমে চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে লাইভ করার পর রাতেই স্থানীয় একটি গ্রুপ তুহিনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে। এ ঘটনায় দেশজুড়ে নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে। পুলিশ দ্রুত অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তার করে আদালতে পাঠায়।