মাহিম আল খোকন ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা পরিষদ হলরুমে সোমবার (২৩ জুন) অনুষ্ঠিত হলো ভিডব্লিওভি (VWB) কার্ডের উপকারভোগী নির্বাচনের লটারি। দুই বছরের জন্য সরকারের বিশেষ সহায়তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের নির্বাচনের এই কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত শারমিন।
স্বচ্ছ ও ন্যায্যভাবে আয়োজিত লটারির মাধ্যমে ১,৭৭৯টি আবেদনকারীর মধ্য থেকে ৫৮৩ জন নারীকে নির্বাচিত করা হয়। নির্বাচিত নারীরা আগামী দুই বছর সরকারি সহায়তার আওতায় বিভিন্ন সুবিধা পাবেন, যা তাদের জীবনমান উন্নয়নে সহায়ক হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধোবাউড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার নুরুল আমিন, উপজেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান মানিক, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন খান এবং নজরুল ইসলাম মুকুল।
এই নির্বাচনী প্রক্রিয়ায় সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখায় স্থানীয়দের মধ্যে ব্যাপক সন্তোষ প্রকাশ পেয়েছে। অনেকেই জানিয়েছেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে লটারির পদ্ধতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস আরও বাড়িয়ে তুলেছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতেও সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় বিভিন্ন সেবামূলক কার্যক্রম একইভাবে স্বচ্ছ প্রক্রিয়ার মধ্য দিয়ে পরিচালনা করা হবে।