নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
ময়মনসিংহের ধোবাউড়ায় র্যাব-১৪ এর সিপিএসসি, ময়মনসিংহ কোম্পানির একটি বিশেষ অভিযানে বিপুল পরিমাণ বিদেশি মদসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযানে উদ্ধার হওয়া ৪৭ বোতল বিদেশি মদের বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৭০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, ১৮ জুন ২০২৫ খ্রিস্টাব্দ রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে র্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানাধীন দর্শা এলাকায় অভিযান পরিচালনা করে। ধোরাউড়া-তারাকান্দা পাকা সড়কের পূর্ব পার্শ্বে জনৈক রেজাউল করিমের পরিত্যক্ত দোকানের সামনে অবস্থানরত দুই ব্যক্তিকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ময়মনসিংহের ধোবাউরা উপজেলার মোহাম্মদ সাইফুল ইসলামের পুত্র রবিউল হাসান লেলিন ও একই
হুকুম আলীর পুত্র শামীম হাসান।
তাদের কাছ থেকে মোট ৪৭ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মদ অবৈধভাবে মজুত ও পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল বলে ধারণা করছে র্যাব।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধোবাউড়া থানায় মামলা দায়ের ও আসামিদের হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে সিপিএসসি, র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামসুজ্জামান বলেন, "মাদক নির্মূলকে আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে থাকি। সমাজকে মাদকমুক্ত রাখতে র্যাবের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।"
র্যাবের এই সফল অভিযানে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান চালিয়ে যেতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে।