মাহিম আল খোকন ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ধোবাউড়ায় যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে বেকার তরুণদের জন্য আয়োজিত কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণের লক্ষ্যে লটারির মাধ্যমে প্রশিক্ষণার্থী বাছাই করা হয়েছে।
সোমবার (২৩ জুন) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বাছাই প্রক্রিয়া অনুষ্ঠিত হয়। স্বচ্ছতা ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিশাত শারমিন লটারি কার্যক্রম পরিচালনা করেন।
লটারির মাধ্যমে নির্বাচিতরা আগামীদিনে তথ্যপ্রযুক্তি শিক্ষায় দক্ষ হয়ে নিজেদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন ইউএনও নিশাত শারমিন। তিনি বলেন, “এই প্রশিক্ষণ শুধু প্রযুক্তি শেখার সুযোগ নয়, এটি আত্মনির্ভরশীল হওয়ার একটি বড় পথ খুলে দিচ্ছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সদস্য সচিব আনিছুর রহমান মানিক, যুব উন্নয়ন কর্মকর্তা আনিছুর রহমান, বিআরডিবি কর্মকর্তা বদরুদ্দজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বেগম শাহিন, মহিলা বিষয়ক কর্মকর্তা সাজেদা আরেফিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনিক কর্মকর্তারা।
এই প্রশিক্ষণ কোর্সটি যুব উন্নয়ন অধিদপ্তরের অধীনে পরিচালিত হচ্ছে, যার মূল উদ্দেশ্য—বেকার তরুণ-তরুণীদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা বৃদ্ধি করে তাদের কর্মমুখী করে তোলা।
প্রশিক্ষণার্থীদের মাঝে ভবিষ্যৎ নিয়ে আশাবাদ, উৎসাহ ও প্রত্যাশা ছিল চোখে পড়ার মতো। স্থানীয়রা বলছেন, এই ধরনের প্রশিক্ষণ কর্মসূচি নিয়মিত হলে ধোবাউড়ার তরুণ সমাজ এক নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাবে।