আব্দুল হক লিটন
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ৩ নম্বর কৈচাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা বাড়ছে। নির্বাচনের তফসিল ঘোষণা না হলেও ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের পোস্টার, ব্যানার ও ফেস্টুন দেখা যাচ্ছে। চায়ের দোকান থেকে শুরু করে হাটবাজার ও গ্রামাঞ্চলে চলছে নির্বাচন নিয়ে আলোচনা। এরই মধ্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. আবু হান্নান মন্ডলকে ঘিরে স্থানীয়ভাবে আগ্রহ তৈরি হয়েছে বলে জানিয়েছেন তাঁর সমর্থকেরা।
‘পরিবর্তনের অঙ্গীকার, চেয়ারম্যান হবে জনতার’ স্লোগান সামনে রেখে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন আবু হান্নান মন্ডল। এর আগে তিনি পরপর দুইবার ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। তাঁর সমর্থকদের দাবি, জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা, স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ এবং বিভিন্ন সামাজিক বিরোধ নিষ্পত্তিতে ভূমিকার কারণে তিনি এলাকায় পরিচিত মুখ।
স্থানীয় ভোটার মো. আব্দুল গনি বলেন, আবু হান্নান মন্ডল আগে দুইবার ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। ইউনিয়নের শান্তি, সুশাসন ও উন্নয়নে অভিজ্ঞ এবং নিরপেক্ষ নেতৃত্ব প্রয়োজন। এ ক্ষেত্রে আবু হান্নান মন্ডল চেয়ারম্যান পদে উপযুক্ত প্রার্থী হতে পারেন বলে তিনি মনে করেন।
প্রবীণ ভোটার জহুরা বেগম বলেন, এলাকার দরিদ্র ও অসহায় মানুষের পাশে থাকার প্রত্যাশা থেকেই তাঁরা আবু হান্নান মন্ডলকে সমর্থন করছেন। আবু হান্নান মন্ডল চেয়ারম্যান নির্বাচিত হলে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতাসহ সরকারি সুযোগ-সুবিধা পেতে মানুষ যেন কোনো ধরনের ঘুষ বা দালালির শিকার না হন, সে বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে বলে তিনি মনে করেন।
স্থানীয় তরুণদের প্রতিনিধি তানভীর আহমেদ বলেন, মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধ তাঁদের এলাকার অন্যতম প্রত্যাশা। আবু হান্নান মন্ডল নির্বাচিত হলে মাদকমুক্ত ও নিরাপদ ইউনিয়ন গঠনে কার্যকর ভূমিকা রাখবেন বলে তাঁরা আশা করছেন।
সমর্থকদের বক্তব্যের বিষয়ে আবু হান্নান মন্ডল বলেন, ‘আমি এর আগে পরপর দুইবার ইউপি সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। ওই সময়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এবার চেয়ারম্যান পদে নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদকে দালালমুক্ত করা, সরকারি সুযোগ-সুবিধা ও ভাতা স্বচ্ছতার সঙ্গে প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দেওয়া এবং দুর্নীতি ও মাদক প্রতিরোধে কাজ করতে চাই।
তিনি আরও বলেন, ৩ নম্বর কৈচাপুর ইউনিয়নকে আধুনিক, বৈষম্যহীন ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার লক্ষ্য। জনগণ সুযোগ দিলে তাঁদের প্রত্যাশা পূরণে কাজ করব।
এদিকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় সম্ভাব্য প্রার্থীদের প্রচার-প্রচারণা বাড়লেও নির্বাচনের তফসিল ঘোষণা না হওয়ায় চূড়ান্ত নির্বাচনী পরিস্থিতি এখনো স্পষ্ট নয়। শেষ পর্যন্ত কারা চেয়ারম্যান ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা জানতে অপেক্ষা করতে হবে তফসিল ঘোষণা ও মনোনয়নপ্রক্রিয়া পর্যন্ত। তবে এরই মধ্যে সম্ভাব্য প্রার্থীদের ঘিরে স্থানীয় পর্যায়ে আলোচনার শীর্ষে এখনো ৩ নং কৈচাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আবু হান্নান মন্ডলের নাম উঠে এসেছে।