মোঃ আব্দুল হক লিটনঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “পিআর নিয়ে আন্দোলনের নামে নির্বাচন নস্যাৎ, গণতন্ত্রকে ব্যাহত ও দেশকে মহাবিপর্যয়ের মধ্যে ঠেলে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে।” তিনি সতর্ক করে দেন, এ সুযোগে পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তি আবারও ফিরে এসে বিশৃঙ্খলা ও নাশকতা সৃষ্টি করতে পারে।
তিনি বলেন, অহেতুক আন্দোলনের নামে বিভাজন, উত্তেজনা ও বিশৃঙ্খলা গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। জনসমর্থনহীন দাবিতে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা থাকে না।
দুপুর থেকে রাত পর্যন্ত ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার জুগলি ইউনিয়নের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ড বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকেল ৪টায় ইসলামপুর এবতেদায়ী মাদরাসা মাঠে ৪ নং ওয়ার্ড এবং সন্ধ্যায় জুগলি উচ্চ বিদ্যালয়ে ৫ ও ৬ নং ওয়ার্ডের সম্মেলন অনুষ্ঠিত হয়।
এমরান সালেহ প্রিন্স বলেন, “পিআর নিয়ে যারা রাজপথে নেমেছে তারা নিজেরাই আন্তরিক নয়। মাসের পর মাস চলা ঐকমত্য কমিশনের বৈঠকে জামায়াত নেতারা একবারের জন্যও সংসদের নিম্নকক্ষে এ প্রস্তাব উত্থাপন করেনি। আলোচনার টেবিলে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছার আগেই রাজপথের কর্মসূচি দুরভিসন্ধিমূলক।”
তিনি জোর দিয়ে বলেন, দেশকে মহাবিপর্যয় থেকে রক্ষা করতে সকল প্রতিবন্ধকতা মোকাবিলা করে আগামী রমজানের আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে ঘরে ঘরে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের সালাম পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, “ধানের শীষে ভোট দিলে শান্তি পাবে দেশের মানুষ। ধানের শীষে ভোট দিলে দেশ গড়বো মিলে-মিশে।” একইসাথে দলের মনোনয়ন নিয়ে বিভ্রান্ত না হয়ে যাঁকে ধানের শীষ প্রতীক দেওয়া হবে, তাঁকে ঐক্যবদ্ধভাবে বিজয়ী করতে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন তিনি।
সম্মেলনে জুগলি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ক্বারী আবুল কাশেমের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল জলিলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মেহেবুবুর রহমান মুকুল, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব কৃষক আব্দুস সাত্তার, বিএনপি নেতা প্রভাষক শাজাহান মাহমুদ, আল আমিন চমক, ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মুকতাদির আহসান, শওকত আলী, নিজাম উদ্দিন, আবু তালেব, শহীদুল ইসলাম, আকতার মেম্বার প্রমুখ।
এর আগে সকালে হালুয়াঘাট পৌর শহরের অগ্রযাত্রা কনভেনশন সেন্টারে আলোকিত হালুয়াঘাট গড়তে ধারাবাহিক মতবিনিময়ের অংশ হিসেবে পৌর এলাকার বিভিন্ন মসজিদ কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক, ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সাথে মতবিনিময় করেন এমরান সালেহ প্রিন্স।
সভায় সভাপতিত্ব করেন পৌর বিএনপির আহ্বায়ক ও বায়তুল আহাদ জামে মসজিদ কমিটির সভাপতি হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর আলম বিপ্লব।
এ সময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও দারুসসালাম গোরস্থান জামে মসজিদের সভাপতি আসলাম মিয়া বাবুল, হাদিসের মোড় জামে মসজিদের সভাপতি হাদিস উদ্দিন মিয়া, কেন্দ্রীয় জামে মসজিদের সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, বিড়ইডাকুনী জন্নাতুন নূর জামে মসজিদের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম, মধ্য আকনপাড়া জামে মসজিদের সভাপতি আবুল বাশার, হালুয়াঘাট আদর্শ উচ্চ বিদ্যালয় মসজিদের সভাপতি আবুল কালাম, বায়তুর রহিম জামে মসজিদের ইমাম হাফেজ কামরুল ইসলাম, পূর্ব কাচারীপাড়া জামে মসজিদের ইমাম মুফতি জুনাইদ আল হাবিব প্রমুখ।
এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি একটি উদার ও গণমুখী রাজনৈতিক দল, কখনো ধর্মান্ধ বা ধর্মবিরোধী নয়। মুসলিম সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে ইসলামী মূল্যবোধ ও সংস্কৃতির অবাধ চর্চা থাকলেই সমাজে শান্তি, সম্প্রীতি, নীতি ও নৈতিকতা বজায় থাকবে। বিএনপি ধর্মীয় স্বাধীনতা ও মূল্যবোধে বিশ্বাসী এবং জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে।