মোঃ আব্দুল হক লিটনঃ
ময়মনসিংহে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জেলা কার্যালয়ে অগ্নি-নিরাপত্তা ও দুর্ঘটনা প্রতিরোধ বিষয়ক এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার দুপুরে কর্মশালার আয়োজন করে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ময়মনসিংহ। কর্মশালায় পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার রকিবুল আক্তার সহ, কার্যালয়ে কর্মরত কর্মকর্তা ও ফোর্স সদস্যদের পাশাপাশি আশপাশের দোকানদার ও স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করেন।
কর্মশালায় ফায়ার সার্ভিসের কর্মকর্তারা অগ্নিকাণ্ডের সময় নিরাপদ অবস্থান, জীবন রক্ষায় করণীয় পদক্ষেপ এবং অগ্নি নির্বাপনের কার্যকর কৌশল নিয়ে আলোচনা করেন। এছাড়া বাস্তবভিত্তিক প্রদর্শনী ও অংশগ্রহণমূলক অনুশীলনের মাধ্যমে কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং জরুরি পরিস্থিতি মোকাবিলায় তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ের পক্ষ থেকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানানো হয় এবং ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের প্রশিক্ষণ আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়।