তপু রায়হান রাব্বি
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি :
পরিবেশ রক্ষা ও সড়কের নান্দনিকতা বৃদ্ধির লক্ষ্যে ময়মনসিংহের ফুলপুর ও তারাকান্দা সীমান্তবর্তী মহাসড়কে ৬০০ কৃষ্ণচূড়া গাছ রোপণ করেছে উপজেলা প্রশাসন।
রোববার (৩ আগস্ট) দুপুরে ধলী সীমান্ত এলাকা থেকে শুরু হওয়া এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউএনও বলেন, “গণমাধ্যম কর্মীরা যদি সংবাদ প্রকাশের পাশাপাশি সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডেও সম্পৃক্ত হন, তাহলে সমাজে দ্রুত ইতিবাচক পরিবর্তন আসবে। পরিবেশ রক্ষায় গণমাধ্যমের ভূমিকাও অনস্বীকার্য।” তিনি আরও বলেন, “মহাসড়কের পাশে ফুটন্ত কৃষ্ণচূড়ার সারি একদিকে যেমন পথচারীদের মন কাড়বে, অন্যদিকে যাত্রীদের চোখে তুলে ধরবে একটি পরিচ্ছন্ন ও সৌন্দর্যমণ্ডিত ফুলপুরকে।”
বক্তারা বলেন, এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি শুধু পরিবেশ রক্ষারই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী গঠনের দিকেও বড় পদক্ষেপ। গাছের শিকড় যেমন মাটি ক্ষয় রোধ করে, তেমনি পাতা ও ডালপালা বাতাসের ক্ষতিকর উপাদান শোষণ করে পরিবেশকে করে তোলে নির্মল।
এ উদ্যোগকে স্থানীয়রা স্বাগত জানিয়ে বলেন, মহাসড়কের পাশজুড়ে ছায়া ও ফুলের সৌন্দর্য যেমন পথচারীদের আরাম দেবে, তেমনি এ রাস্তাকে করে তুলবে আরও আকর্ষণীয় ও নিরাপদ।