তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
'ডিজিটাল যুগে সাক্ষরতা প্রসার (Promoting Literacy in the Digital Era)' এই প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহের ফুলপুর র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।
উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে উপাচালা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
র্যালি ও আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা উপস্থিত থেকে সভাপতিত্ব করেন।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সরকারি কমিশনার (ভূমি) তাসনীম জাহান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাহাত চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, আবাসিক মেডিকেল অফিসার সাদ মাহমুদ জয়, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হক, থানার সেকেন্ড অফিসার সানাউল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, জুলাই আন্দোলনে আহতগণ, ছাত্র প্রতিনিধি সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সাক্ষরতা মানবসম্পদ উন্নয়নের অন্যতম হাতিয়ার। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDGs) অর্জনের জন্য শতভাগ সাক্ষরতা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে আধুনিক প্রযুক্তির এই যুগে ডিজিটাল শিক্ষার প্রসার ঘটিয়ে সমাজকে আরও এগিয়ে নিতে হবে। প্রত্যন্ত অঞ্চলের মানুষকে শিক্ষার আওতায় আনতে সরকার কাজ করে যাচ্ছে।
ইউএনও সাদিয়া ইসলাম সীমা বক্তব্যে বলেন, বর্তমান সরকার সাক্ষরতার হার বাড়াতে নিরলসভাবে কাজ করছে। ডিজিটাল সুবিধা কাজে লাগিয়ে শিক্ষা খাতকে এগিয়ে নিতে হবে। উপজেলা পর্যায়ে প্রত্যেক শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করতে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।