তপু রায়হান রাব্বি ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
কোডেক ইএমডিসি প্রজেক্টের শিখন কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শিক্ষকগণ। মঙ্গলবার (২৬শে আগস্ট) বেলা ১১টায় উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে।
এসময় শিশুরা গানের ছন্দে ছন্দে ফুল দিয়ে ইউএনওকে শুভেচ্ছা জানাই। পরে ঘরোয়া পরিবেশে কিছু সময় সাংস্কৃতিক পারফরম্যান্স করেন শিশুরা। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপহার হিসেবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশু তোফায়েল আহমেদ মুইন কে ১টি হুইলচেয়ার এবং বাকি শিশুদের ৬টি ফুটবল ও ১২টি স্কিপিং রোপ প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, তাক্ওয়া অসহায় সেবা সংস্থার প্রতিষ্ঠাতা পরিচালক তপু রায়হান রাব্বি, উপজেলা কো-অর্ডিনেটর ওয়াহিদুজ্জামান খান, টেকনিক্যাল অফিসার মুর্শিদুল ইসলাম, প্রোগ্রাম অর্গানাইজার উবায়দুল হক, ডালিম আহমেদ ও মশিউর রহমান উদয় প্রমূখ।
জানা গেছে, এফসিডিও এর আর্থিক এবং ইউনিসেফ বাংলাদেশ এর কারিগরি সহাযোগিতায় কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) বিদ্যালয় বহির্ভূত এবং ঝরে পড়া ৮ থেকে ১৪ বছরের শিশুদের জন্য দ্বিতীয়বার শিক্ষার সুযোগ তৈরির নিমিত্তে এডুকেট দি মোস্ট ডিসএডভেন্টেজড চিলড্রেন (ইএমডিসি) প্রকল্পটি জুন ২০২২ থেকে বাস্তবায়ন করছে। একই সাথে প্রকল্পের মাধ্যমে কোভিড—১৯ অতি মহামারী কারণে বাংলাদেশের প্রাথমিক শিক্ষায় সৃষ্ট শিখন ঘাটতি পূরণের জন্য নিরাময়মূলক ক্যাচ—আপ কর্মসূচি বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলায় কমিউনিটির সহযোগিতায় ১৪০টি শিখন কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়েছে। এতে ৪ হাজার ২শ শিক্ষার্থী রয়েছে সবাই প্রাথমিক বিদ্যালয় বহির্ভূত/ঝরে পড়া ও কর্মজীবী শিশু। কেউ রিস্কা চালক, কেউ চা বিক্রেতা, কেউ পোশাক কর্মী সহ কুটিরশিল্পীতে কাজ করছেন। এ শিখন কেন্দ্রে শিশুদের শিক্ষার সুযোগ বৃদ্ধির পাশাপাশি শিশুদের স্বাস্থ্য ও সামাজিক শিক্ষায় সহায়তার জন্য অভিভাবক, গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় সরকার বিশেষ করে ইউনিয়ন পরিষদ, কমিউনিটি ক্লিনিক, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও এসএমসি সদস্যদের অবহিতকরণ ও সচেতনতার জন্য উঠান বৈঠক, অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভার আয়োজন করা হয়।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা বললেন, আজকের সকাল টা শুরু হয়েছে এক অন্যরকম মিশ্র অনুভূতি দিয়ে। কোডেক শিখনকেন্দ্রের চাইল্ড এম্বাসেডররা ইউএনও'র সাথে সাক্ষাৎ করতে আসে। এ সময় শিশুদের পড়া যাচাই ,কবিতা আবৃত্তি ও গান শুনি এবং বিভিন্ন সহশিক্ষা কার্যক্রম দেখি। বাচ্চাদের পারফরম্যান্স আমাদের মুগ্ধ করে, ওরা বেশিরভাগ বিদ্যালয় থেকে ঝরে পড়া শিশু যাদের কেউ রিকশা চালায়, কেউ গ্যারেজে, কেউ চায়ের দোকানে, কাপড় ও টেইলার্সে কাজ করে। এগিয়ে যাক আমাদের সকল পর্যায়ের শিশুরা।