মোঃ আব্দুল হক লিটনঃ
ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ক্যাম্পাসে মেহেদীর রঙে মুখর হয়ে উঠেছে শিক্ষার্থীদের এক ব্যতিক্রমী আয়োজন। গ্রামবাংলার ঐতিহ্যকে ধরে রাখতে এবং শিক্ষার্থীদের মাঝে আনন্দঘন পরিবেশ তৈরি করতে আয়োজন করা হয় “বাউ হেনা ফেস্ট” বা মেহেদী উৎসব। শুক্রবার (রাত) বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাড মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়।
উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রায় ৬ শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। শিক্ষার্থীরা নিজেদের হাতে নানান নকশায় মেহেদী দিয়ে উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলেন। পুরো আয়োজন ঘিরে ক্যাম্পাসে সৃষ্টি হয় এক ভিন্নধর্মী উৎসবমুখর পরিবেশ।
আয়োজকরা জানান, মেহেদী গ্রামবাংলার একটি প্রাচীন ও জনপ্রিয় ঐতিহ্য। আধুনিক ব্যস্ততার মাঝে এই ঐতিহ্য অনেকটা হারিয়ে যেতে বসেছে। তাই শিক্ষার্থীদের মাঝে ঐতিহ্যের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং পড়াশোনার চাপের বাইরে কিছুটা আনন্দের সুযোগ করে দিতেই এই আয়োজন করা হয়েছে।
উৎসবে অংশগ্রহণকারীদের মধ্যে থেকে লটারির মাধ্যমে ১০ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য ছিল চটপটি ও ফুচকার মতো মুখরোচক খাবারের ব্যবস্থা, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে।
উৎসবে অংশ নেওয়া কয়েকজন শিক্ষার্থী বলেন, নিয়মিত ক্লাস, পরীক্ষা ও অ্যাসাইনমেন্টের চাপের মাঝে এমন আয়োজন তাদের জন্য এক ভিন্ন ধরনের আনন্দ নিয়ে এসেছে। বন্ধুদের সঙ্গে একসাথে মেহেদী দেওয়া ও আড্ডার মাধ্যমে তারা কিছুটা সময়ের জন্য হলেও মানসিক স্বস্তি পেয়েছেন।
দুই শিক্ষার্থী বলেন, এ ধরনের সাংস্কৃতিক আয়োজন ক্যাম্পাস জীবনে নতুন প্রাণ সঞ্চার করে এবং শিক্ষার্থীদের মাঝে পারস্পরিক বন্ধনও আরও দৃঢ় করে।
উৎসব শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতেও শিক্ষার্থীদের আনন্দ ও ঐতিহ্যবাহী সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত রাখতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।