নাবিলা আফরিন হালুয়াঘাট( ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, “ভোগ নয়, রাজনীতি করতে হবে ত্যাগ ও নিঃস্বার্থ জনসেবার মানসিকতা নিয়ে। ব্যক্তি স্বার্থের রাজনীতি করে দীর্ঘমেয়াদে সফল হওয়া যায় না।”
আজ (২৪ জুন) ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মরহুম জয়নাল আবেদীন ফকিরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জয়নাল আবেদীন ফকিরকে স্মরণ করে এমরান সালেহ প্রিন্স বলেন,
“তিনি ছিলেন একজন আদর্শবান, ত্যাগী এবং নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতা। দলের দুঃসময়ে মাঠে ছিলেন, কখনো নিজের চাওয়া-পাওয়ার হিসাব করেননি। তাঁর জীবনের এই শিক্ষাই বর্তমান নেতাকর্মীদের অনুকরণীয় হওয়া উচিত।”
প্রিন্স বলেন, বিএনপি একটি জনপ্রিয় দল। তবে গুটি কয়েক নেতাকর্মীর অনৈতিক কর্মকাণ্ডের দায় দল নেবে না। তিনি বলেন,
“আওয়ামী লীগ দুর্নীতিবাজদের রক্ষা করেছে, কিন্তু বিএনপি তা করে না। বরং আমরা অনৈতিক ও দলবিরোধী কার্যকলাপে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।”
তিনি অভিযোগ করেন,
“বর্তমানে দুটি ইসলামী দল ও একটি নবীন দল উদ্দেশ্যমূলকভাবে বিএনপির বিরুদ্ধে অপপ্রচারে লিপ্ত। তারা লন্ডনে তারেক রহমান ও ড. ইউনূসের বৈঠক নিয়ে অসন্তুষ্ট, কারণ সে বৈঠকে আগামী ফেব্রুয়ারিতে নিরপেক্ষ নির্বাচনের ইঙ্গিত রয়েছে। এই নির্বাচনে তাদের গুরুত্ব হারানোর আশঙ্কায় তারা বিএনপির বিরুদ্ধে অপপ্রচার করছে।”
তিনি আরও বলেন,
“ইনশাআল্লাহ, আগামী নিরপেক্ষ নির্বাচনে বিএনপি জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠন করবে। তখন দলের প্রতিটি নেতা-কর্মীকে অঙ্গীকার বাস্তবায়নের জন্য প্রস্তুত থাকতে হবে। শুধু নিজের পাওয়া নয়, জনগণকে কী দিচ্ছি তা ভাবতে হবে।”
বিএনপির যুগ্ম মহাসচিব বলেন,
“নেতাকর্মীদের বৈধ ও নৈতিকভাবে আয়-ইনকাম করতে হবে। তবে তা যেন রাজনীতির মূল লক্ষ্য না হয়। দেশপ্রেম ও জনসেবা হোক রাজনীতির মূলমন্ত্র।”
আগামী নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে তিনি কৃষক দলসহ বিএনপির সব স্তরের নেতাকর্মীদের এখন থেকেই মাঠে নামার আহ্বান জানান। বলেন,
“ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে জনমত গড়ে তুলুন। বিএনপির প্রতি জনগণের যে প্রত্যাশা রয়েছে, তা পূরণে সবাইকে প্রস্তুত থাকতে হবে।”
উপজেলা কৃষক দলের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল হান্নানের সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণসভায় আরও বক্তব্য রাখেন—
কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি আবুল বাসার আকন্দ, হালুয়াঘাট উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, সদস্য সচিব আবু হাসনাত বদরুল কবীর, আবদুল আজিজ খান এবং মরহুম জয়নাল আবেদিন ফকিরের ছেলে, জেলা জাসাসের সহ-সভাপতি রাব্বী কায়সার আরাফাত।
- মরহুম জয়নাল আবেদীন ফকিরের মতো রাজনীতিকদের জীবন দর্শন নতুন প্রজন্মের নেতাদের জন্য অনুপ্রেরণা হতে পারে বলে মনে করছেন দলীয় নেতাকর্মীরা।