ময়মনসিংহ প্রতিনিধি:
ময়মনসিংহ শহরের দিগারকান্দা থেকে আকুয়া বাইপাস সড়কটি দিন দিন অস্ত্রধারী ছিনতাইকারীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শনিবার (৮ মার্চ) সন্ধ্যার পূর্বে ওই সড়কে এক মিশুক চালকের ওপর হামলা চালিয়ে তার মিশুক ছিনতাইয়ের চেষ্টা করে দুর্বৃত্তরা।
স্থানীয়রা জানান, সন্ধ্যার কিছু আগে দিগারকান্দা–আকুয়া বাইপাস সড়কে একদল ছিনতাইকারী একটি মিশুকের গতিরোধ করে। এ সময় তারা চালকের কাছ থেকে টাকা-পয়সা ও মিশুক ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। চালক বাধা দিলে ছিনতাইকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে আহত করে।
পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে আহত চালককে উদ্ধার করে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
স্থানীয়দের অভিযোগ, দিগারকান্দা থেকে আকুয়া বাইপাস সড়কটিতে সন্ধ্যার পর প্রায়ই ছিনতাইয়ের ঘটনা ঘটে। পর্যাপ্ত পুলিশ টহল না থাকায় সড়কটি এখন ছিনতাইকারীদের জন্য ঝুঁকিপূর্ণ এলাকায় পরিণত হয়েছে।
এ ঘটনায় এলাকাবাসী দ্রুত ওই সড়কে নিয়মিত পুলিশ টহল জোরদার ও ছিনতাইকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।