মোঃ আব্দুল হক লিটনঃ
ময়মনসিংহ নগরীতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জোরদার করা হয়েছে মাদক ও অপরাধবিরোধী অভিযান। এরই অংশ হিসেবে গত দুই সপ্তাহে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের ধারাবাহিক অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে।
সেই সাথে উদ্ধার করা হয়েছে ২৩১ পিস ইয়াবা, ১০০৩ পিস ইনজেকশন, ৩০ পিস ট্যাপেন্ডাটল, ১০৯১ লিটার দেশীয় মদ এবং ৩ কেজি ১০০ গ্রাম গাঁজা। এ সংক্রান্ত নিয়মিত মাদক মামলায় ৮৯ জনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া চুরি, ছিনতাই ও দস্যুতার সঙ্গে জড়িত ৪৮ জনকে আটক করা হয়। অন্যান্য বিভিন্ন মামলায় জড়িত আরও ১১০ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত ৫১ জন আসামিকেও আইনের আওতায় আনা হয়েছে।
পুলিশের দাবি, এসব অভিযানের ফলে নগরীতে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব পড়েছে। নিয়মিত টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানোর ফলে অপরাধ সংঘটনের সুযোগ কমে এসেছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুললাহ্ আল্-মামুন জানান, “মাদক ও অপরাধ নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।
নগরবাসী জানান, পুলিশের এমন ধারাবাহিক অভিযানে এলাকায় অপরাধ প্রবণতা কিছুটা কমেছে এবং সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।