মোমেনা আক্তার সোনিয়া ময়মনসিংহঃ
বিএনপির কেন্দ্র ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের দাবিতে ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে এক পথসভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে কাহারগাঁও রঙ্গারদারা বাজারে ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপি নেতা ও যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক মো. আব্দুল করিম সরকার বলেন, “ফুলবাড়িয়াকে একটি উন্নত, নিরাপদ ও বৈষম্যহীন আধুনিক জনপদে রূপান্তর করতে হলে তারেক রহমানের নেতৃত্বে প্রস্তাবিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়ন জরুরি।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুলবাড়িয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আশিকুল হক আশিক। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট হুমায়ুন কবির, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম মাখন, যুবদলের জেলা সহ-সভাপতি আনোয়ার সাদাত আনার, ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন কাকন, ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ-সভাপতি আমিরুল ইসলাম এবং উপজেলা যুবদলের সদস্য হুমায়ুন কবির।
সভাপতিত্ব করেন ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আবু হানিফ সরকার এবং সভা সঞ্চালনা করেন যুবদলের যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু।
বক্তারা বলেন, “বর্তমান সরকারের দুঃশাসন, দুর্নীতি ও একদলীয় শাসনের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে ৩১ দফার বাস্তবায়ন আজ সময়ের দাবি।” তারা আরও বলেন, এই দফাগুলোর মাধ্যমে একটি গণতান্ত্রিক, জবাবদিহিমূলক ও কল্যাণমুখী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব।
পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভাস্থল বারবার মুখরিত হয়ে ওঠে ‘গণতন্ত্র মুক্তি পাক, স্বৈরাচার নিপাত যাক’—এমন শ্লোগানে।