মোঃ আব্দুল হক লিটনঃ
ময়মনসিংহ নগরীতে মঙ্গলবার বিকেলে দেখা গেল এক অভূতপূর্ব রাজনৈতিক উৎসবের চিত্র। স্টেশন রোড, টাউন হল ও গাঙ্গিনাপাড়সহ শহরের প্রধান সড়কজুড়ে তরুণদের ঢল নামলে উৎসবমুখর হয়ে ওঠে পুরো নগরী। হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে বিএনপির বিশাল শোডাউন পরিণত হয় নজিরবিহীন জনসমুদ্রে।
ময়মনসিংহ-৪ আসনে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ.জেড.এম. জাহিদ হোসেনকে এমপি প্রার্থী ঘোষণার দাবিতে এই মহামিছিল আয়োজিত হয়। বিকেল সাড়ে চারটার দিকে টাউন হল চত্বর থেকে বিশাল মিছিলের নেতৃত্ব দেন দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুল। তার সঙ্গে ছিলেন মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি নাইমুল করিম লুইনসহ হাজারো নেতাকর্মী।
মিছিলটি স্টেশন রোডে পৌঁছালে পুরো এলাকা পরিণত হয় উল্লাস ও সমর্থনের মিলনমঞ্চে। তরুণ ভোটারদের অংশগ্রহণে ‘প্রথম ভোট ধানের শীষের জন্য’ স্লোগানে কেঁপে ওঠে ময়মনসিংহ নগরী।
নেতৃত্বে থাকা তানভীরুল ইসলাম টুটুল বলেন, আজ ময়মনসিংহের তরুণরা প্রমাণ করেছে, পরিবর্তনের সময় এসে গেছে। ধানের শীষে ভোট দিয়েই আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করব। এই জনসমুদ্র প্রমাণ করছে মানুষ এখন বিএনপির পতাকাতলে ঐক্যবদ্ধ।
তিনি আরও বলেন, এই মিছিল কোনো ব্যক্তির শক্তি নয়—এটা তরুণদের জাগরণের প্রতীক। আমরা মাঠে নেমেছি জনগণের অধিকার ফিরিয়ে আনতে, ভয় নয়, ভালোবাসার রাজনীতি প্রতিষ্ঠা করতে।
মিছিল ঘিরে শহরজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। সাধারণ মানুষ রাস্তায় দাঁড়িয়ে সমর্থন জানায়, দোকানপাটের ছাদে ও বাসার বারান্দায় দাঁড়িয়ে অনেকে ভিডিও ধারণ করেন।
রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, তানভীরুল ইসলাম টুটুলের নেতৃত্বে তরুণদের এই জাগরণ ময়মনসিংহের রাজনীতিতে নতুন বার্তা দিয়েছে, যেখানে পরিবর্তনের আগুন এখন জ্বলছে তরুণদের হৃদয়ে।
তানভীরুল ইসলাম টুটুল এখন শুধু একজন সংগঠক নন, তিনি ময়মনসিংহের তরুণদের আশার প্রতীক হয়ে উঠছেন। এই শোডাউন বিএনপির রাজনীতিতে নতুন দিগন্ত খুলে দিল।