স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহে মাদক সংক্রান্ত বিরোধের জেরে সাদ্দাম হোসেন (২৩) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ৬ নম্বর ওয়ার্ডের আকুয়া ভাংগারপুল এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তর (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত একটি চাকুও উদ্ধার করা হয়েছে।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, নগরীর আকুয়া ভাংগারপুল এলাকায় অন্তরের দোতলা বাসার একটি কক্ষে সাদ্দাম হোসেন গেলে মাদক সংক্রান্ত বিষয় নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এ সময় অন্তর হাতে থাকা চাকু দিয়ে সাদ্দামের বুক ও পেটে একাধিক আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা আনুমানিক ২টার দিকে সাদ্দাম মারা যান।
নিহত সাদ্দাম হোসেন আকুয়া ভাংগারপুল এলাকার পান্নু মিয়ার ছেলে। তার মরদেহ বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ঘটনার পর অভিযান চালিয়ে অন্তরকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি একই এলাকার বিল্লাল হোসেনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকুটি উদ্ধার করেছে।
পুলিশের প্রাথমিক তথ্যমতে, মাদক সংক্রান্ত বিরোধের জেরেই এ ঘটনা ঘটেছে। ঘটনার বিস্তারিত কারণ ও এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।