মোঃ আব্দুল হক লিটন:
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৪, ময়মনসিংহ সদর কোম্পানির পৃথক দুই অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামী ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর ২০২৫) ময়মনসিংহের ত্রিশাল ও কোতোয়ালী এলাকায় র্যাবের অভিযানে এ সফলতা আসে।
র্যাব সূত্রে জানা যায়, প্রথম অভিযানে ত্রিশাল উপজেলার ধানীখোলা বাজার এলাকায় ধর্ষণ মামলার প্রধান আসামী আলাল উদ্দিন (৩৮)-কে গ্রেফতার করা হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্বামী পরিত্যক্তা এবং দীর্ঘদিন ধরে পিত্রালয়ে অবস্থান করছেন। আলাল উদ্দিনের সঙ্গে পরিচয়ের সূত্রে বিবাহের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণের ঘটনা ঘটায়। সর্বশেষ ১৩ অক্টোবর রাত ৩টার দিকে ভিকটিমের ঘরে গিয়ে একই কৌশলে পুনরায় ধর্ষণ করে। পরে ভুক্তভোগী নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
মামলার পর থেকেই র্যাব-১৪ আসামিকে গ্রেফতারের জন্য তৎপর ছিল। গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
অন্যদিকে, একই দিনে ময়মনসিংহ শহরের আকুয়া চৌরঙ্গী এলাকায় পরিচালিত আরেক অভিযানে ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মোঃ হায়দার আলী (৩১)-কে গ্রেফতার করা হয়। তিনি ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে রাত ৯টা ৩০ মিনিটে র্যাব সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।
সদর কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লীডার শাহ্ মোঃ রাশেদ রাহাত বলেন, র্যাব-১৪ সবসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর। ধর্ষণ ও মাদক,উভয়ই সমাজের ভয়াবহ অপরাধ। আমরা তথ্যভিত্তিক অভিযান চালিয়ে অপরাধীদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছি।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।