স্টাফ রিপোর্টার
ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬১ গ্রাম হেরোইনসহ সাতজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গত ১ জুলাই রাত ৯টার দিকে কোতোয়ালী মডেল থানার পাটগুদাম ব্রিজ সংলগ্ন জয় বাংলা চত্বরের দক্ষিণ পাশের পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।
জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এর দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিঃ) অংকন সরকার ও সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
শহিদুল ইসলাম, খোকন চন্দ্র রায়, রকন হাসান, মোঃ জনি, রনি বনিক, মোঃ নাজমুল বারী খান ওরফে রাসেল এবং মাজহারুল ইসলাম নীরব।
ডিবি পুলিশ জানায়, তারা সবাই দীর্ঘদিন ধরে মাদক কারবারির সঙ্গে জড়িত এবং এদের বিরুদ্ধে একাধিক মাদক, চুরি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।
উদ্ধারকৃত ৬১ গ্রাম হেরোইনের বিষয়ে কোতোয়ালী থানায় নিয়মিত একটি মাদক মামলা দায়ের করে আসামিদের আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।