তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে ময়মনসিংহ-ফুলপুর রুটে চালু হলো বহু কাঙ্ক্ষিত BRTC বাস সার্ভিস। সোমবার (২১জুলাই) বেলা ১১টায় শম্ভুগঞ্জ ব্রিজ মোড়ে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে এর উদ্বোধন করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে হাবিবা মীরা। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মুফিদুল আলমের নির্দেশনায় BRTC রিজিওনাল অফিস ও প্রশিক্ষণ কেন্দ্রের সহকারী পরিচালক মো. কামরুজ্জামান, ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা এবং তারাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন।
এরপর দুপুর ১২টায় তারাকান্দা বাসস্ট্যান্ডে উপজেলা প্রশাসনের উদ্যোগে কেক কেটে দ্বিতীয় দফায় বাস সার্ভিসের উদ্বোধন করা হয়। যাত্রীদের ফুল দিয়ে বরণ করেন দুই উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা, স্থানীয় জনপ্রতিনিধি ও নেতৃবৃন্দ। এতে আরও উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার, থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি।
সর্বশেষ, দুপুর ১টায় ফুলপুর বাসস্ট্যান্ডে উপজেলা প্রশাসনের আয়োজনে বাস সার্ভিসের তৃতীয় দফায় উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম সীমা। যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান উদযাপিত হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এ.কে.এম সিরাজুল হক, কুদরত, যুবদল নেতা ওয়াহিদুজ্জামান মিঠুন, ছাত্রদল কর্মী এ.কে.এম. আরিফুল হকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, ছাত্র প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পর্যায়ক্রমে ৩টি BRTC বাস চলাচল করবে ময়মনসিংহ ব্রিজ থেকে শম্ভুগঞ্জ-তারাকান্দা হয়ে ফুলপুর পর্যন্ত।
এই সার্ভিস চালুর ফলে যানবাহনের সংকট ও অতিরিক্ত ভাড়ার যন্ত্রণায় থাকা সাধারণ মানুষ ঈদ ও উৎসবমুখর সময়ে স্বস্তি পাবেন বলেই প্রত্যাশা।