মোঃ আব্দুল হক লিটনঃ
ময়মনসিংহের মুক্তাগাছায় চাঞ্চল্যকর অটোরিকশা চালক হত্যা ও অটোরিকশা ছিনতাইয়ের দুটি ঘটনার রহস্য উদ্ঘাটন করেন পুলিশ। পৃথক অভিযান চালিয়ে ঘটনায় জড়িত একাধিক আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং ছিনতাইকৃত অটোরিকশাটিও উদ্ধার করা হয়।
ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার আবদুললা্হ আল মামুন জানান, গত ২৬ মার্চ রাত আনুমানিক ৯টার দিকে মুক্তাগাছা উপজেলার খেরুয়াজানী ইউনিয়নের ভিটিবাড়ী এলাকায় এক অটোরিকশা চালককে ছুরিকাঘাত করে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় চালক মানিক মিয়াকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের স্বজনরা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তে নামে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় তদন্তের একপর্যায়ে মো. সুজন মিয়াকে (২০) গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেন, পূর্বপরিকল্পিতভাবে অটোরিকশা ছিনতাইয়ের সময় বাধা দেওয়ায় চালককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। পরে তার দেখানো মতে হত্যায় ব্যবহৃত ছুরিও উদ্ধার করে পুলিশ।
এছাড়া তদন্তে আরও একটি অটোরিকশা ছিনতাই চক্রের সন্ধান পাওয়া যায়। গত ২৮ মার্চ রাতে মুক্তাগাছা এলাকায় মো. জাহিদ নামে এক অটোরিকশা চালককে অস্ত্রের ভয় দেখিয়ে মারধর করে তার অটোরিকশা ছিনতাই করা হয়। এ ঘটনায় পৃথক মামলা রুজু হলে অভিযান চালিয়ে চক্রের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয় এবং ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে কয়েকজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে মামলাগুলোর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে এবং পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।