উবায়দুল্লাহ রুমি, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
আওয়ামী লীগের ঘোষিত আগামী ১৩ নভেম্বরের ঢাকার ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে উত্তেজনা বিরাজ করছে। এই কর্মসূচি বাস্তবায়নের আহ্বানে সোমবার (১০ নভেম্বর) রাত গভীরে উপজেলা বিভিন্ন এলাকায় মশাল মিছিল বের করলে পুলিশ অভিযান চালিয়ে পাঁচ নেতা-কর্মীকে আটক করে।
পুলিশ সূত্রে জানা যায়, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল বের করলে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করে। আটক ব্যক্তিরা হলেন—পৌর শহরের দত্তপাড়া এলাকার যুবলীগ সদস্য বিল্লাল হোসেন বাবু, একই এলাকার এরশাদুল হক, সদর ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের সোহেল রানা, ছাত্রলীগ সদস্য সুমন চন্দ্র শীল এবং সরিষা ইউনিয়নের এনায়েত নগর গ্রামের শাজাহান।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, “নাশকতা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি করার চেষ্টা করার সময় আওয়ামী লীগের পাঁচজন নেতা-কর্মীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নাশকতা মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের এই অভিযান চলমান থাকবে।”