তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুরে ‘জুলাই পুনর্জাগরণ-২০২৫’ উপলক্ষে শুরু হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। মঙ্গলবার (১৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা, বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধি, স্বেচ্ছাসেবক এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও সাদিয়া ইসলাম সীমা বলেন, "গাছ আমাদের প্রাণের বন্ধু। বৃক্ষরোপণ শুধু পরিবেশ রক্ষার মাধ্যমই নয়, এটি একটি সামাজিক আন্দোলন হয়ে উঠতে পারে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা, পরিবেশ দূষণ হ্রাস এবং প্রাকৃতিক দুর্যোগ প্রশমনে গাছের অবদান অনস্বীকার্য।"
তিনি আরও বলেন, "সবুজ বাংলাদেশ গড়তে হলে আজকের এই বৃক্ষরোপণ আন্দোলনকে সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে। তরুণ প্রজন্মকে এই বিষয়ে সচেতন করে তুলতে হবে। কারণ গাছ শুধু সৌন্দর্য নয়, তা আমাদের অস্তিত্ব রক্ষার অন্যতম হাতিয়ার।"
উল্লেখ্য, ‘জুলাই পুনর্জাগরণ’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে ফুলপুর উপজেলায় বিভিন্ন প্রজাতির প্রায় ৮০০ ফলজ, বনজ ও ঔষধি চারা রোপণ করা হবে। এ উদ্যোগে অংশ নিচ্ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও তরুণ স্বেচ্ছাসেবক দল।
উপজেলার কৃষি বিভাগ জানায়, জলবায়ু সহনশীল ভবিষ্যৎ নির্মাণে এই কর্মসূচি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি স্থানীয় পর্যায়ে সবুজায়নের মাধ্যমে স্বাস্থ্যসম্মত পরিবেশ গড়ে তুলতে এটি সহায়ক হবে।
ফুলপুরে এই বৃক্ষরোপণ শুধু জুলাই পুনর্জাগরণের আনুষ্ঠানিকতা নয়— এটি ভবিষ্যতের জন্য বাঁচিয়ে রাখা এক সবুজ বার্তা।