মোঃ আব্দুল হক লিটনঃ
গত বুধবার দুপুর ১২টায় ময়মনসিংহ সদর সাব রেজিস্ট্রি অফিসে সেবাপ্রত্যাশীদের সুবিধার্থে নির্মিত আধুনিক বিশ্রামাগার ও গণশৌচাগারের উদ্বোধন করা হয়েছে। এই উদ্যোগ সেবাগ্রহীতাদের ভোগান্তি কমাতে এবং অফিসের সেবার মান উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা রেজিস্ট্রার পথিক কুমার সাহা। তিনি নবনির্মিত সুবিধাসমূহ ঘুরে দেখেন এবং সেবাগ্রহীতাদের স্বাচ্ছন্দ্যের জন্য এ ধরনের অবকাঠামো নির্মাণকে অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ হিসেবে বর্ণনা করেন।
সদর সাব-রেজিস্ট্রার মোঃ জাহিদ হাসান উদ্যোগটি বাস্তবায়নের নেতৃত্ব দেন। তিনি বলেন, প্রতিদিন বহু মানুষ দলিল সংক্রান্ত কাজে অফিসে আসে। দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থাকা মানুষের জন্য বিশ্রামের জায়গা ও পরিচ্ছন্ন শৌচাগার থাকা অত্যন্ত জরুরি। এ চিন্তাভাবনা থেকেই আমরা এই সুবিধা নির্মাণ করেছি।
উদ্বোধনী অনুষ্ঠানে সদর সাব রেজিস্ট্রি অফিসের সকল দলিল লিখকও আন্তরিকভাবে দায়িত্ব পালন করেন। উপস্থিত ছিলেন জেলার সকল সাব-রেজিস্ট্রার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
নবনির্মিত সুবিধাগুলি চালুর পর সেবাগ্রহীতারা স্বস্তি প্রকাশ করেছেন। তারা বলেন, এখন আমরা আর ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকতে হবে না। পরিচ্ছন্ন শৌচাগার এবং বিশ্রামের জন্য বসার জায়গা থাকায় কাজ করা অনেক সহজ হয়েছে। কর্তৃপক্ষের উদ্যোগ সত্যিই প্রশংসার যোগ্য।
সদর সাব রেজিস্ট্রি অফিসের এই উদ্যোগ শুধু একক অবকাঠামোর উন্নয়ন নয়, এটি জনসেবা মানোন্নয়নে প্রশাসনের মানবিক ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গিরও প্রতিফলন। কর্মকর্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং সেবাগ্রহীতাদের আরও স্বাচ্ছন্দ্যময় পরিবেশ নিশ্চিত হবে।