স্টাফ রিপোর্টারঃ
প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিতে সারা দেশের প্রতিবন্ধী বিদ্যালয়গুলোকে সরকারিভাবে স্বীকৃতি ও এমপিওভুক্ত করার একদফা দাবিতে ময়মনসিংহে অনুষ্ঠিত হয়েছে দুই ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি।
মঙ্গলবার (১৫ জুলাই ২০২৫) সকালে বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের উদ্যোগে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক ও কর্মীরা অংশ নেন। তাদের দাবি, রাষ্ট্র কর্তৃক অবহেলিত এসব বিদ্যালয় অবশেষে যেন কাঙ্ক্ষিত স্বীকৃতি ও আর্থিক নিরাপত্তার আওতায় আসে।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, সারা দেশে তালিকাভুক্ত ১,৭৭২টি অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয় দীর্ঘদিন ধরে স্বেচ্ছাশ্রম ও সীমিত সাধ্যে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। অথচ এসব বিদ্যালয় এখনো কোনো সরকারি স্বীকৃতি বা এমপিওভুক্তির আওতায় আসেনি, যা অত্যন্ত দুঃখজনক।
এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদ ময়মনসিংহ জেলার সভাপতি মোঃ আব্দুস ছালাম, সাধারণ সম্পাদক রেজাউল করিম, বিভাগীয় সমন্বয়ক এম. এ. সালাম, উপদেষ্টা মাহফুজুর রহমান, সহ-সভাপতি নূরে আলম বাবুল ও তোফাজ্জল হোসেন ভূঁইয়া প্রমুখ।
এছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সদস্য সচিব মোঃ আলী হোসেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক এডভোকেট সৈয়দ এনায়েত উর রহমান এবং একে এম আশিকুল হক।
পরে মানববন্ধন শেষে শিক্ষক নেতৃবৃন্দ ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদের কাছে তাদের একদফা দাবির স্মারকলিপি হস্তান্তর করেন।
বক্তারা বলেন, "আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছি। এখন আর ধৈর্য্য নেই। সরকার যদি দ্রুত সময়ের মধ্যে আমাদের বিদ্যালয়গুলোকে স্বীকৃতি ও এমপিওভুক্তির আওতায় না আনে, তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচিতে যেতে আমরা বাধ্য হবো।"
দীর্ঘ সময় ধরে সেবাদানকারী এই শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়ন এখন সময়ের দাবি। শিক্ষক নেতাদের মতে, এই স্বীকৃতি না দিলে যেমন প্রতিবন্ধী শিশুদের অধিকার ক্ষুণ্ন হবে, তেমনি পিছিয়ে পড়বে সার্বিক মানবিক উন্নয়ন।