
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধান বীজ বিতরণের লক্ষ্যে লটারি অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামীকাল বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ১২টা ৩০ মিনিটে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে এই লটারি অনুষ্ঠিত হবে। এতে উপজেলার যেসব কৃষক রোপা আমন বীজ প্রাপ্তির জন্য আবেদন করেছেন, তাদের অংশগ্রহণে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে বিজয়ী কৃষকদের তালিকা নির্ধারণ করা হবে।
এ প্রসঙ্গে হালুয়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আলীনুর খান জানান, “প্রণোদনার আওতায় প্রকৃত কৃষকদের কাছে স্বচ্ছ ও সুষ্ঠু প্রক্রিয়ায় বীজ পৌঁছে দিতে আমরা লটারির মাধ্যমে বিতরণ কার্যক্রম পরিচালনা করছি। কৃষকদের উপস্থিতি নিশ্চিত করতে আমরা আগেই নোটিশ দিয়েছি।”
তিনি আরও বলেন, “সরকার কৃষিখাতে যে সহায়তা দিচ্ছে, তা যেন যথাযথভাবে প্রাপ্যদের কাছে পৌঁছে—এটি আমাদের অগ্রাধিকার।”
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে উন্নত জাতের রোপা আমন বীজ বিতরণ করা হবে। যা কৃষি উৎপাদনে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।