ধোবাউড়া প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ময়মনসিংহের ধোবাউড়ায় বিএনপি ও জামায়াতে ইসলামীর আলাদা দুটি বিশাল গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশ দুটিকে ঘিরে পুরো শহরজুড়ে ছিল সরব রাজনৈতিক উত্তাপ ও সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ।
দুপুরে ধোবাউড়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলের নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ (ধোবাউড়া-হালুয়াঘাট) আসনে দলীয় মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স। বিক্ষোভকারীরা "সরকারের পদত্যাগ চাই", "নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই"—এই দাবিতে মুখরিত হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
অন্যদিকে, একই সময় জামায়াতে ইসলামীর ব্যানারে বের হয় আরেকটি বিশাল গণমিছিল। এতে নেতৃত্ব দেন একই আসনের জামায়াত মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মুক্তার। তাঁর নেতৃত্বে জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠাসহ ন্যায়ভিত্তিক সমাজের আহ্বানে অংশ নেন।
দুই দলের আলাদা কর্মসূচিতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণের অংশগ্রহণও ছিল লক্ষণীয়। তবে কোথাও অপ্রীতিকর পরিস্থিতি না ঘটলেও স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি শক্তি প্রদর্শন আগামী নির্বাচনকে ঘিরে ধোবাউড়ার মাঠ যে উষ্ণ হয়ে উঠছে, তারই ইঙ্গিত বহন করছে।