নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনা জেলার পূর্বধলা থানায় এক নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের মামলার প্রধান অভিযুক্তকে রাজশাহীর পুঠিয়া থেকে গ্রেফতার করেছে ময়মনসিংহ র্যাব-১৪।
একই অভিযানে ভিকটিমকেও উদ্ধার করা হয়েছে।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গত ৫ জুন সকালে পূর্বধলা থানার একটি গ্রাম থেকে এক নাবালিকাকে বিয়ের প্রলোভন দিয়ে ফুসলিয়ে তুলে নিয়ে যায় অভিযুক্ত ফয়সাল। পথচারী ও দোকানদাররা সিএনজিতে উঠানোর সময় বাধা দেওয়ার চেষ্টা করলেও অপহরণ রোধ করা সম্ভব হয়নি। পরে ভিকটিমের পরিবার বিভিন্ন স্থানে খোঁজ করে জানতে পারে, অভিযুক্ত নিজ বাড়িতে ভিকটিমকে আটকে রেখেছে এবং সেখানে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করেছে।
পরবর্তীতে ভিকটিমের বাবা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পিটিশন মামলা দায়ের করেন। আদালতের নির্দেশে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু হয়। এরপর থেকেই র্যাব-১৪ ছায়া তদন্ত শুরু করে এবং অভিযুক্তকে ধরতে অভিযান চালায়।
এর ধারাবাহিকতায় র্যাব-১৪, সিপিএসসি ময়মনসিংহ ও র্যাব-৫ রাজশাহী ক্যাম্পের যৌথ অভিযানে ৩ আগস্ট ভোরে রাজশাহীর পুঠিয়ার হোজারপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতকে পূর্বধলা থানায় হস্তান্তর করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভিকটিমকেও যথাযথ নিরাপত্তায় হেফাজতে নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছে র্যাব।