ময়মনসিংহ ব্যুরো অফিসঃ
গরু চুরির মামলা প্রত্যাহার না করায় প্রতিপক্ষের হামলা, মারধর ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ তুলে হালুয়াঘাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার। গতকাল দুপুরে হালুয়াঘাট প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে ঘটনার বিস্তারিত তুলে ধরেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার ৯নং ধারা ইউনিয়নের বীরগুছিনা গ্রামে গত ৬ জানুয়ারি সকাল আনুমানিক ৯টার দিকে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মোঃ সুজন মিয়া অভিযোগ করে বলেন, তাদের পরিবারের দায়ের করা গরু চুরির মামলা প্রত্যাহারের জন্য দীর্ঘদিন ধরে চাপ দিয়ে আসছিল প্রতিপক্ষ। এতে রাজি না হওয়ায় মোঃ আনোয়ার, মোঃ আতিক, মোঃ মোস্তান, মোঃ মিন্টু, মোঃ খোকন, মাহমুদুল, মোঃ হাবিব, মোঃ স্বপন ও মোঃ জাহাঙ্গীরসহ আরও কয়েকজন সংঘবদ্ধভাবে তাদের বসতবাড়িতে হামলা চালায়।
লিখিত অভিযোগে বলা হয়, অভিযুক্তরা দেশীয় অস্ত্র নিয়ে অনধিকার প্রবেশ করে নারীসহ পরিবারের সদস্যদের মারধর করে। হামলায় মোছাঃ রোকেয়া খাতুন ও মোছাঃ ফরিদা খাতুন গুরুতর আহত হন। এ সময় বসতঘরের আসবাবপত্র, ঘিরবেড়া ও টিনের তৈরি টয়লেট ভাঙচুর করা হয়। পাশাপাশি গরু বিক্রির নগদ এক লক্ষ বিশ হাজার টাকা লুট করে নেওয়ার অভিযোগও করা হয়। পরে আহতদের হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, ঘটনার পর অভিযুক্তরা মামলা বা বিচার চাইলে প্রাণনাশের হুমকি দেয়। এতে ভুক্তভোগী পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানানো হয়।
এ বিষয়ে হালুয়াঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবার দ্রুত আসামিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে।
Bijoy71TV Bijoy71TV