মোঃ আব্দুল হক লিটন
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় গৃহবধূ সুরাইয়া মনি হত্যার ঘটনায় জড়িত সকল আসামির গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। এ সময় শত শত নারী-পুরুষ অংশ নিয়ে দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
জানা যায়, উপজেলার ভাংনামারী ইউনিয়নের ভোলার আগলী গ্রামের আবুল হোসেনের মেয়ে সুরাইয়া মনির সঙ্গে প্রায় দেড় বছর আগে উজান খাসিয়ারচর খোদাবক্সপুর গ্রামের নাঈমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার ওপর নির্যাতন চালানো হতো বলে অভিযোগ পরিবারের। গত ৩ মার্চ রাতে তার রহস্যজনক মৃত্যু হলে স্বজনরা এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করেন।
নিহতের পরিবারের অভিযোগ, যৌতুকের টাকা না দেওয়ায় সুরাইয়া মনিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। পরে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। এ ঘটনায় পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।
পরিবার সূত্রে জানা গেছে, ময়নাতদন্ত প্রতিবেদনে সুরাইয়া মনির হত্যার আলামত পাওয়া গেছে। ইতোমধ্যে মামলার ৩ আসামিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে মামলার অন্যান্য আসামিরা এখনো গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্বজন ও এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা বলেন, সুরাইয়া মনি হত্যার সঙ্গে জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। তারা এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার এবং সকল অভিযুক্তের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
বিক্ষোভকারীরা বলেন, হত্যার ঘটনার পর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও সব আসামি গ্রেপ্তার না হওয়ায় তারা উদ্বিগ্ন। দ্রুত বিচার সম্পন্ন করে দোষীদের ফাঁসির রায় কার্যকরের মাধ্যমে নিহতের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান তারা।
Bijoy71TV Bijoy71TV