
মোঃ আব্দুল হক লিটনঃ
দেশ থেকে বিদায় নিয়েছে আওয়ামী লীগ। তবে ক্ষমতায় থাকার সময় দলীয় ছত্রছায়ায় যারা নানা অপকর্ম চালিয়েছে, এখন একে একে তাদের মুখোশ উন্মোচিত হচ্ছে। ময়মনসিংহের ফুলপুরে এমনই এক সাবেক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২০ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার বওলা গ্রাম থেকে গ্রেফতার করা হয় ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আলী ফকিরকে।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগের ক্ষমতার দাপটে আলী ফকির বহুদিন ধরে এলাকায় দখলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তার ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাননি। আওয়ামী লীগের পতনের পর অবশেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারল পুলিশ।
ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল হাদি বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, আলী ফকির এলাকায় আবারও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।”
গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তেই এলাকায় স্বস্তি নেমে আসে। ভুক্তভোগীরা বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে সাধারণ মানুষের কান্না শোনার কেউ ছিল না। এখন একে একে তাদের অপকর্মের বিচার শুরু হওয়ায় জনগণ আশার আলো দেখতে পাচ্ছে।
সচেতন মহল মনে করছে, আওয়ামী লীগের পতনের পর শুধু আলী ফকির নয়, ফুলপুরসহ সারাদেশেই এ ধরনের বহু বিতর্কিত নেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া উচিত। না হলে তারা আবারও নতুন রূপে সমাজে অশান্তি সৃষ্টি করবে।
আওয়ামী লীগ ক্ষমতায় না থাকলেও তাদের রেখে যাওয়া দাগ আজও সাধারণ মানুষের মনে ক্ষতের মতো রয়ে গেছে।


















