. নিজস্ব প্রতিবেদকঃ
ময়মনসিংহ নগরীতে ছিনতাই দমনে চলমান অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানা পুলিশের যৌথ অভিযানে সক্রিয় ছিনতাইকারী চক্রের আরও চার সদস্যকে আটক করা হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) ভোর থেকে সকাল পর্যন্ত নগরীর র্যালীর মোড়, চরপাড়া ও ব্রাহ্মপল্লী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন ময়মনসিংহের র্যালীর মোড় আটানী পুকুরপাড় এলাকার আরাফাত আকন্দ, ময়মনসিংহের র্যালীর মোড় কালীবাড়ি রোড এলাকার স্বপন মিয়া, ময়মনসিংহের আলীয়া মাদ্রাসা এলাকার নয়ন এবং ময়মনসিংহের পুরাতন মেডিকেল গেট এলাকার রবিন।
পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও কোতোয়ালী মডেল থানা পুলিশের যৌথ এ অভিযান পরিচালিত হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে পূর্বে চুরি, ছিনতাই ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
পুলিশ জানায়, আটক চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে পাঠানো হয়েছে। এ নিয়ে গত কয়েক দিনে ময়মনসিংহে মোট ৪৪ জন ছিনতাইকারীকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
জেলা পুলিশের দাবি, ছিনতাইবিরোধী ধারাবাহিক অভিযানের ফলে নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা আরও সুদৃঢ় হয়েছে। অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
Bijoy71TV Bijoy71TV