তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
শিক্ষা, উন্নয়ন ও মানবিক মূল্যবোধের সমন্বয়েই একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (মউক)-এর চেয়ারম্যান ও ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার।
রবিবার (১৯ জুলাই) ফুলপুর উপজেলায় দিনব্যাপী বিভিন্ন সামাজিক, শিক্ষামূলক ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দিনের কর্মসূচির শুরুতে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে জুলাই শহীদ কৃষক সাইফুল ইসলামের স্মরণে আমুয়াকান্দা মোড়ে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাদের ত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও উন্নত বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
পরে বেলা সাড়ে ১১টার দিকে রহিমগঞ্জ ইউনিয়নের ফরাজী মডেল একাডেমি স্কুল প্রাঙ্গণে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সম্মাননা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, দেশকে এগিয়ে নিতে শিক্ষার কোনো বিকল্প নেই। সততা, দেশপ্রেম ও নৈতিক মূল্যবোধ ধারণ করে নিজেকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতাকে বিকশিত করার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে অবদান রাখার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে সরকার, জনপ্রতিনিধি, অভিভাবক ও সমাজের সচেতন মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠান শেষে দুপুর সাড়ে ১২টার দিকে ছনধরা ইউনিয়নের মেরীগাই উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ৪র্থ তলা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন মোতাহার হোসেন তালুকদার। এ সময় তিনি বলেন, একটি উন্নত জাতি গঠনে আধুনিক ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা অত্যন্ত জরুরি। শিক্ষা খাতে অবকাঠামোগত উন্নয়ন ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদি বিনিয়োগ।
দিনব্যাপী কর্মসূচির শেষ পর্যায়ে বিকেল সাড়ে ৩টার দিকে ফুলপুর উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। এ সময় সংগঠনকে আরও সুসংগঠিত করা, জনগণের পাশে থেকে কাজ করা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ সিদ্দিকুর রহমান, সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু, যুগ্ম আহ্বায়ক এ.কে.এম. সিরাজুল হক, নোমান আকন্দ, মিজানুর রহমান সেলিম, মাজহারুল ইসলাম নিপু, পৌর বিএনপির আহ্বায়ক আমিনুল হক, সদস্য সচিবসহ ময়মনসিংহ উত্তর জেলা যুবদল, ছাত্রদল, উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Bijoy71TV Bijoy71TV