এস.এম বাবর
ময়মনসিংহের ধোবাউড়ায় বন্ধুর বিয়েতে বেড়াতে এসে নদীতে সাঁতার কাটতে গিয়ে প্রাণ হারালেন এক শিক্ষার্থী। নিহতের নাম অন্তর ইসলাম (১৯)। তিনি বরিশাল জেলার গৌরনদী এলাকার বাসিন্দা।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকালে উপজেলার ঘাগটিয়া নদীতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার পর সন্ধ্যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল নদী থেকে তার মরদেহ উদ্ধার করে।
স্থানীয় সূত্র জানায়, ঘোগড়ারপাড় গ্রামের বাবুল মিয়ার ছেলে হৃদয় মিয়ার বিয়েতে অংশ নিতে বুধবার রাতে অন্তরসহ সাতজন বন্ধু ধোবাউড়ার তারাইকান্দি গ্রামে আসে। তারা সবাই ঢাকা শাহজাদপুরের একটি স্কুলের শিক্ষার্থী। বৃহস্পতিবার দুপুরে তারা বিয়েবাড়ির পাশের ঘাগটিয়া নদীতে গোসল করতে নামে। এ সময় অন্তর নদীর মাঝখানে গিয়ে তলিয়ে গিয়ে নিখোঁজ হয়।
ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আল মামুন সরকার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা চালায়। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সন্ধ্যায় অন্তরের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে।
Bijoy71TV Bijoy71TV