স্ত্রী-কন্যার অপেক্ষায় প্রতিদিন গান গেয়ে কাঁদেন বয়াতি শিল্পী মুকসেদ

স্ত্রী-কন্যার অপেক্ষায় প্রতিদিন গান গেয়ে কাঁদেন বয়াতি শিল্পী মুকসেদ

মোঃ আব্দুল হক লিটনঃ

নিজের স্ত্রী ও কন্যার ফেরার অপেক্ষায় প্রতিদিন গান গেয়েই সময় কাটাচ্ছেন ময়মনসিংহের কোতোয়ালী উপজেলার চর পুলিয়ামারী এলাকার বয়াতি শিল্পী মোকসেদ সরকার। পরিবারের ভাঙন, মাদকসংক্রান্ত বিষয়ে থানায় অভিযোগ দিতে গিয়ে আটক হওয়া এবং পরবর্তীতে স্ত্রী-কন্যার নিখোঁজ হওয়ার ঘটনায় তিনি চরম মানসিক কষ্টে দিন কাটাচ্ছেন বলে দাবি করেছেন।

মোকসেদ সরকারের অভিযোগ, তার বড় ছেলে দীর্ঘদিন ধরে মাদকাসক্ত হয়ে পড়েন। একদিন ছেলে হঠাৎ তার সঙ্গে ঢাকায় মাছের ব্যবসায় যেতে অস্বীকৃতি জানালে তার সন্দেহ হয়। পরে ছেলের বসতঘরে গিয়ে তিনি ইয়াবা সেবনের সরঞ্জাম ও অন্যান্য মাদকদ্রব্য দেখতে পান। ছেলেকে সুপথে ফেরানোর উদ্দেশ্যে তিনি সেসব সরঞ্জাম আগুনে পুড়িয়ে ফেলেন। এরপর থেকেই পরিবারের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে।

তার দাবি, ওই ঘটনার পর তার দ্বিতীয় স্ত্রী ও কন্যা বাড়ি ছেড়ে চলে যান। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি অভিযোগ করেন, বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দিতে গেলে তাকেই নানা ধরনের হয়রানির শিকার হতে হয়। এমনকি থানায় গিয়ে অভিযোগ দেওয়ার সময় তাকে গান গাইতে বলা হয়। গান গাওয়ার পর তাকে সন্দেহভাজন হিসেবে আটক করে জেলহাজতে পাঠানো হয়। পরদিন তিনি জামিনে মুক্তি পান।

মোকসেদ সরকার আরও দাবি করেন, তার পরিবারের কয়েকজন সদস্যের বিরুদ্ধে তিনি বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও মাদকসেবনের অভিযোগ তুলেছিলেন। এ কারণে তাকে ভয়ভীতি, হুমকি এবং প্রাণনাশের আশঙ্কার মধ্যেও থাকতে হচ্ছে। এ বিষয়ে তিনি কোতোয়ালী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা ও স্বজনরা বলেন, মোকসেদ সরকারের প্রথম ও দ্বিতীয় স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পর্ক ভালো ছিল। আপন দুই বোনের মতোই তারা একসঙ্গে বসবাস করতেন। তবে বড় ছেলের ঘরে থাকা মাদকসামগ্রী নষ্ট করার ঘটনার পর থেকেই পারিবারিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয় এবং পরে দ্বিতীয় স্ত্রী, কন্যা ও বড় ছেলে বাড়ি ছেড়ে চলে যান।

বর্তমানে স্ত্রী ও কন্যার ফিরে আসার অপেক্ষায় বয়াতি গান গেয়েই দিন পার করছেন মোকসেদ সরকার। তার দাবি, তিনি শুধু চান ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং তার পরিবারের সদস্যরা নিরাপদে ফিরে আসুক।

তবে শিল্পী মোকসেদ সরকারের শ্বশুর বলেন, তার মেয়ে নিখোঁজের পর থেকে এখনো কোন সন্ধান পাওয়া যায়নি। তবে খোঁজে না পাওয়া গেলে তিনিও আইনগত ব্যবস্থা নিবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *