
তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুরির অভিযোগ আমলে নিয়ে ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার ও রেজাল্ট শিট সংরক্ষণ করে আদালতের হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (৯ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন একক নির্বাচনী ট্রাইব্যুনালে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এ আদেশ দেন।
আদালতের নির্দেশনায় সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তাদের দ্রুত সময়ের মধ্যে ময়মনসিংহ-২ আসনের নির্বাচনে ব্যবহৃত ব্যালট পেপার, রেজাল্ট শিটসহ সব গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ করে আদালতের নির্দেশনা অনুযায়ী নিরাপদ হেফাজতে রাখার কথা বলা হয়েছে। রিট আবেদনে অভিযোগ করা হয়, নির্বাচনের সময় বিভিন্ন কেন্দ্রে ভোট কারচুপি, অনিয়ম ও প্রভাব বিস্তারের ঘটনা ঘটেছে। এসব অভিযোগের সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট নথিপত্র সংরক্ষণ অত্যন্ত জরুরি বলে উল্লেখ করা হয়।
আদালত বিষয়টির গুরুত্ব বিবেচনা করে অভিযোগ তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট সব নথিপত্র সংরক্ষণের নির্দেশ দেন এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেন।
উল্লেখ্য, ময়মনসিংহ-২ আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে আদালতের দ্বারস্থ হন বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার, যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি । এ আসনে প্রায় ২৮ হাজার ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী মুফতি মুহাম্মদুল্লাহ, সদস্য, কেন্দ্রীয় নির্বাহী কমিটি ও ঢাকা মহানগর দক্ষিণ শাখার সহ-সভাপতি ।
এ আসন আরও ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। তারা হলেন, স্বতন্ত্র এমপি প্রার্থী: শাহ্ শহীদ সারোয়ার, সাবেক এমপি ও বর্তমানে বিএনপির বহিষ্কৃত নেতা। গোলাম মাওলা ভূইয়া, সাবেক সভাপতি, ইসলামি আন্দোলন, ময়মনসিংহ জেলা ও সিনিয়র সহ সভাপতি, ময়মনসিংহ উত্তর জেলা ইসলামি আন্দোলন বাংলাদেশ। অধ্যক্ষ এমদাদুল হক খান, যুগ্ম আহ্বায়ক, ময়মনসিংহ জেলা জাতীয় পার্টি। মো: জুলহাস উদ্দীন শেখ, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি)। স্বতন্ত্র আবু বক্কর সিদ্দিক, সুপ্রিম কোর্টের আইনজীবী।
স্থানীয় নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ময়মনসিংহ-২ আসনের নির্বাচনী এলাকা ফুলপুর ও তারাকান্দা’সহ দুইটি উপজেলা নিয়ে গঠিত। দুই উপজেলায় ২০টি ইউনিয়ন, ১টি পৌরসভায় রয়েছে। ফুলপুরে একটি পৌরসভা ও ১০টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ৯০টি। ভোট কক্ষের সংখ্যা ৫৩১টি ও অস্থায়ী ৭টি। পৌরসভার সহ মোট ভোটার ২ লাখ ৯৮হাজার ৫৯০জন। তার মধ্যে পুরুষ ১ লাখ ৫১ হাজার ৭১৭জন, মহিলা ১ লাখ ৪৬ হাজার ৮৭২ জন, হিজড়া ১ জন রয়েছে। আপরদিকে তারাকান্দায় ১০টি ইউনিয়নে মোট ভোটকেন্দ্র ৮৪টি। ভোট কক্ষের সংখ্যা ৫০৪টি স্থানী ও অস্থায়ী ১৭টি। মোট ভোটার ২ লাখ ৭৪ হাজার ৪৩০জন। তার মধ্যে পুরুষ ১ লাখ ৪০ হাজার ৬০৫জন, মহিলা ১ লাখ ৩৩ হাজার ৮২৩ জন, হিজড়া ২ জন রয়েছে।


















