ফুলপুরে পুকুরে ভেসে উঠল প্রবাসীর নিথর দেহ,

তপু রায়হান রাব্বি ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:

ময়মনসিংহের ফুলপুরে এক হৃদয়বিদারক দৃশ্যের জন্ম দিলো আলোকদিয়া গ্রামের একটি পুকুর। বুধবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আলোকদিয়া মাদ্রাসা সংলগ্ন পুকুরের স্থির জলে ভেসে উঠলো সৌদি প্রবাসী খলিলুর রহমান নিকেল (৪৫)-এর নিথর দেহ।

মজিবুর রহমানের ছেলে নিকেল ছিলেন বিদেশে রেমিট্যান্স যোদ্ধা, পরিবারের স্বপ্নগাথা নির্মাণের নীরব নায়ক। কিন্তু সেই নায়ক ফিরলেন শবদেহ হয়ে। গ্রামের মানুষ জানায়, রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় পুকুরের জলে অদ্ভুতভাবে ভেসে থাকা এক মানুষের দেহ দেখতে পায় তারা। কাছে গিয়ে দেখা যায়, তা আর কেউ নয়, খলিলুর রহমান নিকেল। মুহূর্তেই খবর ছড়িয়ে পড়ে চারপাশে, কান্নায় ভেঙে পড়ে স্বজনরা, স্তব্ধ হয়ে যায় পুরো গ্রাম।

খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাদি জানান, স্থানীয়দের সহায়তায় মরদেহের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তবে এটি হত্যা নাকি আত্মহত্যা,তা এখনও স্পষ্ট নয়। মৃত্যুর সঠিক কারণ ও সময় নির্ধারণে সুরতহাল রিপোর্ট প্রস্তুত চলছে, আইনি প্রক্রিয়াও অব্যাহত আছে।

প্রবাসে ঘাম ঝরিয়ে যে মানুষ ঘরে সুখ-স্বাচ্ছন্দ্য এনেছিলেন, তাঁর শেষ যাত্রা এমন বেদনায় আচ্ছন্ন করে তুললো ফুলপুরের মানুষকে। পুকুরের জলে সেই রাত যেন গিলে নিলো এক জীবন, এক স্বপ্ন, এক পরিবারের অবলম্বন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *