
ফুলপুরে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিএনপির বিক্ষোভ মিছি
তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ):
আওয়ামী ফ্যাসিবাদ ও বাকশালীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ময়মনসিংহের ফুলপুরে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। রবিবার (২৩ জুন) দুপুরে ফুলপুর পৌর বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিলটি বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব সিদ্দিকুর রহমান মিছিলে নেতৃত্ব দেন। তাঁর সঙ্গে উপজেলা ও পৌর বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মিছিলে অংশগ্রহণকারীরা “ফ্যাসিবাদ নিপাত যাক”, “বাকশালী শাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াও”, “বাংলাদেশ জিন্দাবাদ”, “তারেক রহমান জিন্দাবাদ” ইত্যাদি স্লোগান দেন। এ সময় বক্তারা বলেন, “শহর থেকে গ্রামে সবাইকে সতর্ক হয়ে এই ফ্যাসিবাদের সকল কর্মকাণ্ড প্রতিহত করতে হবে। দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”
বিএনপি নেতারা বলেন, “গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার জন্য বিএনপির চলমান আন্দোলনকে আরও বেগবান করা হবে।”
বিক্ষোভ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।


















