
স্টাফ রিপোর্টারঃ
শেরপুর সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও একটি পিকআপ গাড়িসহ এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর দায়িত্বপূর্ণ শেরপুরের শ্রীবর্দীর দুধনই এলাকায় চোরাকারবারীরা অভিনব কৌশলে ভারতীয় মদ পাচারের চেষ্টা করছে, এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান পরিচালনা করে। রবিবার সকাল প্রায় ৭টার দিকে পরিচালিত ওই অভিযানে মোঃ আকাশ মিয়া নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি শ্রীবর্দী উপজেলার তাতিহাটি গ্রামের মোঃ সাদা মিয়ার ছেলে।
এসময় তার কাছ থেকে ৫৪৫ বোতল ভারতীয় মদ এবং একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়। উদ্ধারকৃত মদ ও পিকআপ গাড়ির সিজার মূল্য প্রায় ২৩ লাখ ১৭ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
অপরদিকে, একই ব্যাটালিয়নের সদস্যরা গত ৮ মার্চ একই উপজেলার নওকুচি সীমান্ত এলাকা দিয়ে পাচারের সময় আরও ৩৩ বোতল ভারতীয় মদ আটক করে। যার সিজার মূল্য প্রায় ৪৯ হাজার ৫০০ টাকা।
সবমিলিয়ে শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে সর্বমোট ২৩ লাখ ৬৭ হাজার টাকা মূল্যের ভারতীয় মদ আটক করা হয়েছে।
আটক চোরাকারবারির বিরুদ্ধে শেরপুর জেলার ঝিনাইগাতী থানায় মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত।


















