
মোঃ আব্দুল হক লিটনঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহ জেলা বার ইউনিটের নির্বাচন-২০২৫ ইং গত শনিবার (১ নভেম্বর) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়। সকাল থেকে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। দিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাতে ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা কমিটি। ঘোষিত ফলাফলে সভাপতি পদে মোঃ নূরুল হক এবং সাধারণ সম্পাদক পদে এ.এইচ.এম মাসুদুল আলম খান তান্না নির্বাচিত হন। এবারের নির্বাচনে দুই ভিন্ন প্যানেলের প্রার্থীরা বিজয়ী হওয়ায় আইনজীবী ফোরামের নেতৃত্বে নতুন ভারসাম্য সৃষ্টি হয়েছে।
সভাপতি পদে মোঃ নূরুল হক পেয়েছেন ১৯১ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আজিজুর রহমান পেয়েছেন ৯৬ ভোট।
সহ-সভাপতি পদে মোঃ আকরাম হোসেন ১৭২ ভোট পেয়ে বিজয়ী হন,নিকটতম প্রতিদ্বন্দি মোঃ আতাউর রহমান পেয়েছেন ৪৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে এ.এইচ.এম মাসুদুল আলম খান তান্না ১৪৭ ভোট পেয়ে বিজয়ের মুকুট পরেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রেজাউল করিম চৌধুরী পেয়েছেন ১৩৮ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোঃ তোফাজ্জল হোসেন ১৩৩ ভোট পেয়ে নির্বাচিত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ আসাদুজ্জামান খান (জামান) পেয়েছেন ৮১ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মোহাম্মদ ওসমান গণি মল্লিক (মাখন) ১৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ কামরুল হাসান (কিরণ) পেয়েছেন ১১৪ ভোট।
নির্বাচন পরিচালনা কমিটি ও রিটার্নিং কর্মকর্তা এডভোকেট সৈয়দ এনায়েতুর রহমান জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম ময়মনসিংহ বার ইউনিটের দি বার্ষিকী সম্মেলন শেষে দুপুর ১২ টা থেকে সাড়ে তিনটা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটের দিন আইনজীবীদের মধ্যে ছিল উৎসবমুখর আমেজ, শুভেচ্ছা বিনিময় ও আনন্দের ঝলক। নির্বাচনী পরিবেশে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
নির্বাচন শেষে বিজয়ী প্রার্থীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায়। একে অপরকে ফুলের তোড়া ও মিষ্টি খাইয়ে শুভেচ্ছা জানান আইনজীবীরা।
বিজয়ী সভাপতি মোঃ নূরুল হক বলেন, সহকর্মীদের ভালোবাসা ও আস্থার প্রতিদান দিতে আমি সর্বোচ্চ চেষ্টা করব। আইনজীবীদের পেশাগত মর্যাদা রক্ষা ও তাদের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করা হবে।
সাধারণ সম্পাদক এ.এইচ.এম মাসুদুল আলম খান তান্না বলেন, এই বিজয় কোনো একক ব্যক্তির নয়, এটি পুরো আইনজীবী সমাজের সম্মিলিত অর্জন। আমাদের লক্ষ্য হবে ফোরামের ঐক্য, শক্তি ও মর্যাদা বৃদ্ধি।
নির্বাচনে প্রবীণ আইনজীবী থেকে শুরু করে নবীন সদস্যদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। তারা ভোটগ্রহণের শান্তিপূর্ণ পরিবেশে সন্তুষ্টি প্রকাশ করেন।
বারের সিনিয়র সদস্যরা জানান, এবারের নির্বাচনে তরুণ নেতৃত্বের উত্থান আইনজীবী ফোরামের ভবিষ্যতের জন্য ইতিবাচক বার্তা বহন করছে। দুই প্যানেলের প্রার্থীরা বিজয়ী হওয়ায় নতুন নেতৃত্বে ভারসাম্যপূর্ণ ও গঠনমূলক কার্যক্রম প্রত্যাশা করছেন আইনজীবী সমাজ।
উল্লেখ্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, বিএনপি সমর্থিত একটি পেশাজীবী সংগঠন হিসেবে দেশের প্রতিটি জেলা বারে কার্যক্রম পরিচালনা করছে। ময়মনসিংহ জেলা বার ইউনিটের এই নির্বাচন ছিল এ বছরের অন্যতম আলোচিত একটি নির্বাচন, যেখানে উভয় পক্ষের মধ্যে ছিল সৌহার্দ্যপূর্ণ প্রতিযোগিতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল আচরণ।


















