
তপু রায়হান রাব্বি, ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি:
“ধূমপান নয়, জীবন বাঁচান”—এমন বার্তা নিয়ে ময়মনসিংহের ফুলপুরে অনুষ্ঠিত হয়েছে তামাক বিরোধী প্রশিক্ষণ কর্মশালা। ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা গড়তেই উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (২৩ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করা হয়।
প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া ইসলাম সীমা। তিনি বলেন, “ধূমপান একটি নীরব ঘাতক, যা যুব সমাজসহ গোটা জাতিকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। এই অভ্যাস থেকে বিরত রাখতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।”
প্রশিক্ষণে তামাক বিরোধী জাতীয় নীতিমালা, ধূমপান নিয়ন্ত্রণ আইন, এবং এর স্বাস্থ্য, অর্থনীতি ও সমাজের ওপর ক্ষতিকর প্রভাব তুলে ধরা হয় একটি প্রামাণ্যচিত্রের মাধ্যমে।
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসান ফারুক, থানা অফিসার ইনচার্জ মো. আব্দুল হাদি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক আহমেদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাদ মাহমুদ জয়, কৃষি অফিসার ফারুক আহমেদ, সমাজসেবা অফিসার শিহাব উদ্দিন খান, মহিলা বিষয়ক কর্মকর্তা আরমানা হকসহ উপজেলা তামাক নিয়ন্ত্রণ টাস্কফোর্স কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউএনও সাদিয়া ইসলাম সীমা তার বক্তব্যে আরও বলেন, “শিক্ষক, সাংবাদিক, জনপ্রতিনিধি সবাইকে যার যার অবস্থান থেকে তামাক বিরোধী প্রচার-প্রচারণা চালাতে হবে। প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে আইন প্রয়োগ করা হবে।”
কর্মশালায় অংশগ্রহণকারীরা বলেন, এমন উদ্যোগ শুধু প্রশংসনীয় নয়, বরং জনস্বার্থে আরও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার দরকার। তামাক নয়, সুস্থ জীবনই হোক আগামীর অঙ্গীকার—এই প্রতিজ্ঞা নিয়ে শেষ হয় দিনের কর্মসূচি।


















