
মোঃ আব্দুল হকলিটনঃ
ময়মনসিংহের ফুলপুরে ধানের শীষের বিজয়ের জন্য জোরালো প্রচারণার আহ্বান জানালেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স। সোমবার বিকেলে সিংহেশ্বর ইউনিয়নে অনুষ্ঠিত বিএনপি কর্মী সমাবেশে তিনি তারেক রহমানের নেতৃত্বে পরিবর্তনের আলোয় নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নের জন্য নেতাকর্মীদের প্রস্তুত থাকার কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে এমরান সালেহ প্রিন্স বলেন, “তারেক রহমানের দুই চোখে পরিবর্তনের আলো জ্বলছে, যা নিয়ে আমাদের দেশের ভবিষ্যত আলোকিত হবে। এই পরিবর্তনের স্বপ্ন শুধু তারেক রহমানের নয়, এটি সমগ্র দেশের মানুষের।” তিনি আরও বলেন, আওয়ামী লীগের নষ্ট রাজনীতিকে ত্যাগ করে জনকল্যাণমুখী রাজনীতি পরিচালনা করবে বিএনপি। তারেক রহমানের জনকল্যাণ কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে সকলকে আন্তরিক প্রচারণায় সক্রিয় থাকার আহ্বান জানান।
সমাবেশে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার নির্বাচনের ঢোল বেজে উঠেছে উল্লেখ করে সাংগঠনিক পুনর্গঠন ও ধানের শীষের পক্ষে কাজ করার জন্য নেতাকর্মীদের প্রতি অনুরোধ জানান।
ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কর্মী সমাবেশে রোকন উদ্দিন, সিরসজুল ইসলাম, কুদরত আলী, হেলাল উদ্দিন হেলু, আমিনুল ইসলাম, তাজিমুল হক রুবেল, এনামুল হক বাবুল, মিজানুর রহমান সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।
বিএনপির এই কর্মী সমাবেশে দলের ঐক্যবদ্ধ প্রচারণার মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।


















