স্টাফ রিপোর্টারঃ
ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন সংঘবদ্ধভাবে বাড়িতে ঢুকে হামলা চালিয়ে কয়েকজনকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার শিবগঞ্জ বাজার সংলগ্ন যশরা (পাথর কাটা) এলাকায় টিনসেট ঘরের ভাড়া এবং পৈত্রিক জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বাদী আব্দুল ওয়ারেজ মিয়ার সঙ্গে অভিযুক্তদের বিরোধ চলছিল। সম্প্রতি ওই জমিতে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করলে ভাড়াটিয়া পক্ষের সঙ্গে বিরোধ আরও তীব্র আকার ধারণ করে।
এরই জেরে গত ৩ মে বিকাল আনুমানিক ৩টার দিকে অভিযুক্তরা ধারালো দা, লাঠি ও লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে সংঘবদ্ধভাবে বাদীর বাড়িতে প্রবেশ করে। অভিযোগে বলা হয়, তারা পূর্ব পরিকল্পিতভাবে বাড়ির আঙিনায় ঢুকে আব্দুল ওয়ারেজ মিয়ার ওপর এলোপাতাড়ি হামলা চালায়, এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
এসময় তার ডাক-চিৎকারে এগিয়ে এলে আফজাল হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কুপিয়ে গুরুতর জখম করা হয়। একই সময় এনামুল হককে লোহার রড দিয়ে আঘাত করলে তিনি হাত দিয়ে প্রতিহত করার চেষ্টা করলে তার হাতের কুনিতে গুরুতর আঘাত লাগে এবং হাড় ভেঙে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এছাড়া হামলাকারীরা উপস্থিত অন্যদেরও মারধর করে আহত করে।
অভিযোগে আরও বলা হয়, হামলাকারীরা বাদীর টিনসেট ঘর কুপিয়ে ও ভাঙচুর করে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করে।
একপর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। যাওয়ার সময় তারা মামলা করলে বাদী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন। গুরুতর আহতদের মধ্যে কয়েকজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় গফরগাঁও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। এ বিষয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ জানায়, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Bijoy71TV Bijoy71TV