
তপু রায়হান রাব্বি
ফুলপুর(ময়মনসিংহ)প্রতিনিধিঃ
পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে ময়মনসিংহের ফুলপুরে পৃথক পৃথক সময়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করছে জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিস। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুই দলের উপজেলা ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা শুক্রবার (২৬ সেপ্টেম্বর) এ বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেন। মিছিল গুলো পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। পরে বাসস্ট্যান্ড সংলগ্ন গোল চত্ত্বর এসে মিছিলটি শেষ হয়ে ৫ দফা দাবিতে সমাবেশ করেন।
প্রথমে বাংলাদেশ খেলাফত মজলিসের ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা)আসনে মনোনীত প্রার্থী মুফতী মুহাম্মদুল্লাহ ও ফুলপুরের সভাপতি মুফতি আজিম উদ্দিন শাহ জামালীর নেতৃত্বে বিকাল সাড়ে ৩ টায়, পরে বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা)আসনে মনোনীত প্রার্থী মোঃ মাহবুব আলম মন্ডলের নেতৃত্বে ৪ টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। এ সময় পিআর পদ্ধতি বাস্তবায়ন না হলে কোন নির্বাচন করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বক্তারা।
বাংলাদেশ খেলাফত মজলিসের সমাবেশে বক্তারা বলেন, লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা না হলে জাতীয় সংসদ নির্বাচন অবাধ সুষ্ঠু ভোট হবে না। তাই আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে, তারপর নির্বাচন দিতে হবে। তিনি বলেন, একটি জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করে সুষ্টুভাবে ভোট দিতে পারা বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের আকাঙ্খা রয়েছে। কারণ তারা দীর্ঘদিন ফ্যাসিষ্ট সরকারের কারণে সুষ্ঠুভাবে ভোট দিতে পারেনি। যদি এখনো সেই পরিস্থিতি হয়, তাহলে জনগণ আবারো ক্ষিপ্ত হবে। বক্তারা আমীরে মজলিস আল্লামা মামুনুল হকের ঘোষিত ৫ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।
জামাতের বক্তারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে বহু মানুষ শহিদ ও আহত হলেও এ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা হয়নি। অথচ একটি রাজনৈতিক দল নির্বাচনে যাওয়ার জন্য তৎপর।
তাদের দাবি, আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে উভয়পক্ষে পিয়ার পদ্ধতি চালু করতে হবে। ফ্যাসিস্ট সরকারের সকল জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করতে হবে। সেই সাথে স্বৈরাচারীর দোসর জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানান জামায়াত নেতারা।
উক্ত মিছিল থেকে আরো জানা যায়, জুলাই সনদের ভিত্তিতে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে জামায়াতে ইসলামীসহ ৭ দল। জামায়াত ছাড়াও বিক্ষোভ করেছে ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, খেলাফত মজলিস, নেজামে ইসলাম পার্টি, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)। সাতটি দলের কেউ ৫ দফা, কেউ ৬ দফা, কেউ ৭ দফা কর্মসূচি ঘোষণা করলেও সবার মূল দাবি প্রায় অভিন্ন। প্রায় অভিন্ন দাবিতে সাতটি দল তিন দিনের কর্মসূচি ঘোষণা করে। গত বৃহস্পতিবার প্রথম দিনে রাজধানী ঢাকায়, শুক্রবার বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিলের কর্মসূচি পালন করেন দলগুলো। এর আগে ফেব্রুয়ারিতে জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ কয়েক দফা দাবিতে একযোগে বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয় জামায়াতে ইসলামীসহ সাতটি দল।
Bijoy71 TV Bijoy71 TV