আন্তর্জাতিক নারী দিবসে মা ও শিশু সুরক্ষা কেন্দ্র উদ্বোধন করেন পিবিআই

  1. মোঃ আব্দুল হক লিটনঃ

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ময়মনসিংহে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) জেলা কার্যালয়ে “মা ও শিশু সুরক্ষা কেন্দ্র” চালু করা হয়েছে। রবিবার (৮ মার্চ) পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ফিতা কেটে এই সুরক্ষা কেন্দ্রের উদ্বোধন করেন পিবিআই ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ রকিবুল আক্তার বলেন, বিভিন্ন প্রয়োজনে পিবিআই কার্যালয়ে আগত সেবা প্রত্যাশী মা ও শিশুদের নিরাপত্তা, সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এই সুরক্ষা কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বিশেষ করে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত ঘটনায় ভুক্তভোগীদের জন্য সহানুভূতিশীল পরিবেশ সৃষ্টি এবং প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা প্রদানের ক্ষেত্রে এ কেন্দ্র কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরও জানান, এই সুরক্ষা কেন্দ্রের কার্যক্রম শুধু মা ও শিশুদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না; এখানে বয়স্ক ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্যও সহযোগিতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে পিবিআই ময়মনসিংহ জেলা কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা মা ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে বিভিন্ন কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

তারা আশা প্রকাশ করে যে, এ ধরনের উদ্যোগ মা ও শিশুদের সুরক্ষা জোরদার করার পাশাপাশি সমাজে সচেতনতা বৃদ্ধি, মাদক, বাল্যবিবাহ ও ইভটিজিং প্রতিরোধেও গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সঠিক তদন্তের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করতে এবং নারী ও শিশুর অধিকার বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *