
নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ
বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে ককটেল হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ জানিয়েছে ময়মনসিংহ মহানগর যুবদল। হামলার প্রতিবাদে আজ রবিবার বিকেলে মহানগরের বিভিন্ন সড়কে সংগঠনটি একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলে স্লোগান ওঠে— “ষড়যন্ত্রকারীদের রুখে দাঁড়াও, গণতন্ত্র বাঁচাও”।
বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন ময়মনসিংহ মহানগর যুবদলের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী (আলম)। শহরের নতুন বাজার মোড় থেকে শুরু হয়ে মিছিলটি ত্রিশাল মোড় হয়ে গাঙ্গিনারপাড়ে গিয়ে শেষ হয়। এ সময় যুবদল নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুন বহন করেন এবং সরকারের বিরুদ্ধে কঠোর প্রতিবাদ জানান।
নূরে আলম সিদ্দিকী (আলম) বলেন,
“আমরা কারো ষড়যন্ত্রের উসকানিতে পা দিবো না, কিন্তু আমরা সজাগ আছি। সরকারের পৃষ্ঠপোষকতায় বিএনপির শান্তিপূর্ণ রাজনীতিতে বারবার হামলা করা হচ্ছে। আমরা শান্তিপূর্ণ আন্দোলনে বিশ্বাসী, কিন্তু কোনোরকম উস্কানিতে চুপ করে থাকবো না।”
তিনি আরও বলেন, দেশের প্রতিটি যুবদল কর্মী এখন জেগে উঠেছে। এই অবৈধ শাসনের পতন না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়বে না।
মিছিলে অংশ নেওয়া যুবদলের কর্মীরা জানান, তারা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সারাদেশে আন্দোলন চালিয়ে যাবেন এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে কঠোর কর্মসূচি পালন করবেন।






















